বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৫তম জন্মদিন আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট)। ১৯৪৬ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। এ দিনেরে মধ্যে দিয়ে ৭৪ বছর পেরিয়ে ৭৫ বছরে পা দিলেন খালেদা জিয়া।

জন্মদিনের এই লগ্নে বিএনপি প্রধান কারান্তরীণ রয়েছেন। তার চিকিৎসা চলছে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে। দুর্নীতির একটি মামলায় গত বছরের ৮ ফেব্রুয়ারি কারাবন্দী হন বেগম জিয়া।

কর্মসূচির বিষয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বৃহস্পতিবার (১৫ অগাস্ট) কোনও কর্মসূচি নেই। জন্মদিনের কর্মসূচি পরের দিন শুক্রবার পালন করবো।

জন্মদিন উপলক্ষে শুক্রবার ঢাকাসহ সারাদেশে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি ‍ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।’

গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া। ওইদিন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে। কারাগারে অসুস্থ হয়ে পড়ায় গত ১লা এপ্রিল থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন।

১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীর দিনটি জাতীয় শোক দিবস হিসেবে সর্বজনবিদিত। তবে নব্বইয়ের দশকে বিএনপিপন্থী এক সাংবাদিক ও স্থায়ী কমিটির এক সদস্যের উৎসাহে ১৫ আগস্ট আড়মম্বরপূর্ণভাবে খালেদা জিয়ার জন্মদিন পালন শুরু করা হয়। তখন থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলসহ সর্বসাধারণের মধ্যে সমালোচনা শুরু হয়।

বিএনপি সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৫ অগাস্ট ৫০ পাউন্ডের কেক কেটে জন্মদিন পালন করেন খালেদা জিয়া। ২০১৫ সালের ১৫ অগাস্ট প্রথম প্রহরে তিনি কেক না কাটলেও সন্ধ্যার পর কেক কেটে জন্মদিন উদযাপন করেছিলেন। তবে ২০১৬ সালে বন্যা ও গুম-খুনের কারণ দেখিয়ে কেক কাটার কর্মসূচি বাতিল করেন খালেদা জিয়া। পরের বছরগুলোতেও ১৫ আগস্ট কেক কাটেননি তিনি।

বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের সঙ্গে মতপার্থক্য থাকার পরও দেশের প্রায় সব রাজনৈতিক দল ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করে।

আর একইদিনে খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করাকে ভালোভাবে গ্রহণ করেননি অন্যান্য রাজনৈতিক দলের নেতারা।

এএস