আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাই সত্য, আমরা সেটা বাস্তবে প্রমাণ করে দেখাব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশে দেওয়া ভাষণ সময়োপযোগী ও দিকনির্দেশনামূলক ছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, গত এক যুগে আর্থসামাজিকসহ অন্যান্য খাতে দেশের অভাবনীয় উন্নয়ন, অগ্রগতি ও মানুষের জীবনমানের ক্ষেত্রে যে দৃশ্যমান অগ্রগতি সাধিত হয়েছে তার সংক্ষিপ্ত চিত্র ফুটে উঠেছে ভাষণে। উন্নয়নের ধারাবাহিকতায় সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের রূপরেখাও এতে প্রস্ফুটিত হয়েছে।
শুক্রবার (০৮ জানুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের ওপর বিএনপির নেতাদের অসত্য বক্তব্যের জবাবে তাঁর সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এইসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ২০০৮ সালে মাথাপিছু আয় যেখানে ছিল মাত্র ৬২৫ ডলার আর এখন মাথাপিছু আয় দাঁড়িয়েছে দুই হাজার ৬৪ মার্কিন ডলার। দারিদ্র্যের হার এখন ৪১.৫ থেকে ২০ শতাংশে এবং অতি দারিদ্র্যের হার ২২ শতাংশ থেকে ১১ শতাংশে হ্রাস পেয়েছে। আর বিএনপির আমলে বিদ্যুতের উৎপাদন ছিলে মাত্র তিন হাজার ৩০০ মেগাওয়াট, আওয়ামী লীগ সরকার গঠনের পর ২০০৯ থেকে ২০২০ পর্যন্ত প্রায় ১৯ হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বর্তমানে দৈনিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা দাঁড়িয়েছে ২৪ হাজার ৪২১ মেগাওয়াট।
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী জানান, বিএনপি জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়ে মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে সরকারের উন্নয়নের সুফল থেকে বঞ্চিত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
বিএনপি-জামায়াতের দুঃশাসনে সরকারের সব খাত আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত ছিল জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, তারা টানা পাঁচবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়নের কালিমা লেপে দেয়েছিল দেশের ললাটে।
কাদের বলেন, দেশের মানুষ আর বিএনপির অপশাসনের মৃত্যু উপত্যকায় ফিরে যেতে চায় না।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি করোনা ভ্যাকসিন নিয়েও মিথ্যাচার করছে, তারা এর আগেও অপপ্রচার করছে। করোনা নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাই সত্য, আমরা সেটা বাস্তবে প্রমাণ করে দেখাব।
এমবি





