বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার। এ উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। রোববার থেকে এ শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত এ কর্মসূচি চলবে।

দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পৃথক বাণী দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিন দিনের এ কর্মসূচির মধ্যে রয়েছে, সোমবার ঢাকায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভোরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ১০টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও দোয়া মাহফিল ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন।

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন। এ ছাড়াও বিএনপির উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন এবং যথাসময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দেন।

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর