শোক সমাবেশে যোগ দিতে ঢাকায় আসতে শুরু করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সোমবার বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই শোক সমাবেশ অনুষ্ঠিত হবে। ছাত্রলীগ আয়োজিত এই মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে ঢাকার প্রবেশমুখ আব্দুল্লাহপুর, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলগুলো ঘুরে দেখা গেছে, বিভিন্ন বিভাগ ও আশে-পাশের জেলার ছাত্রলীগের নেতা-কর্মীরা বিভিন্ন যানবাহনে করে ঢাকার আসছেন। বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে অনেকে রাতেই ঢাকা এসে অবস্থান করছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দীন হল শাখা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রনি বলেন, ‘আজকের মহাসমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবেই অংশ নেওয়ার আগ্রহ দেখাচ্ছেন। আমরা সবাইকে সংগঠিত করছি।’
ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল কবির রাহাত বলেন, ‘লাখ লাখ শিক্ষার্থীর সমাবেশ ঘটবে আজকের মহাসমাবেশে। নেতা-কর্মীরা আসতে শুরু করেছেন। দুপুরের আগেই কানায় কানায় পরিপূর্ণ হবে যাবে শাহবাগ এলাকা।’
সমাবেশে লোক সমাগমের বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, ‘জাতির পিতা ও বঙ্গমাতার স্মরণ মহাসমাবেশে স্মরণকালের বৃহৎ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে আজকে। সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষাধিক ছাত্র আজ শোককে শক্তিতে পরিণত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখার শপথ নিবে।’
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





