মানবতাবিরোধী অপরাধের দায়ে দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত শান্তিপূর্ণ হরতাল পালন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।

শনিবার এক বিবৃতি জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, ‘সরকারের রক্তচক্ষু, হামলা, মামলা, গ্রেফতার, নির্যাতন উপেক্ষা করে দেশের জনগণ দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদ জানিয়েছে এবং তার মুক্তির দাবিতে করা আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে। সাঈদীর মুক্তির দাবিতে গোটা দেশ উত্তাল। জনগণ সাঈদীর মুক্তি চায়।’

‘জামায়াতে ইসলামীকে নেতৃত্বশূন্য করার হীন উদ্দেশ্যেই সরকার সাজানো মিথ্যা মামলায় আল্লামা সাঈদীসহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে শাস্তি দিচ্ছে। জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে তাদের শাস্তি দিয়ে সরকার জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করতে পারবে না।

দেশের জনগণের হৃদয়ে জামায়াতে ইসলামী চিরদিন টিকে থাকবে। সারাদেশে গ্রেফতার অভিযান বন্ধ করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের গ্রেফতারকৃত সব নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’


হরতালের আওতামুক্ত : বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে ল অন ভিসা অ্যান্ড ক্যাপিটাল পানিসমেন্ট-এর ওপর আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে যোগ দেওয়ার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক আইনজীবী ও অতিথিবৃন্দের যাতায়াতের জন্য ব্যবহৃত গাড়ি, হজ্জ যাত্রীদের পরিবহণের গাড়ি, গ্যাস, বিদ্যুৎ ও ফায়ার ব্রিগেডের গাড়ি, সাংবাদিকদের গাড়ি, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ওষুধের দোকান, হরতালের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে জামায়াত।


ঢাকা, ২১ সেপ্টেম্বর টাইমনিইজবিডি.কম, কেএ