আমি ভীত নই, নির্বাচনী মাঠ থেকে আমরা সরে যাবো না। শেষ নিঃশ্বাস পর্যন্ত জনগণকে নিয়ে মাঠে থাকবো বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।
শুক্রবার (০৩ জানুয়ারি) দুপুর ১২টায় ডিএসসিসি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার সঙ্গে বৈঠকের পর এই প্রত্যয় ব্যক্ত করেন ইশরাক।
রিটার্নিং কর্মকর্তার সঙ্গে বৈঠকে কিছু অভিযোগ তুলে ধরেন বিএনপির এই প্রার্থী।
পরে সাংবাদিকদের কাছে ইশরাক হোসেন বলেন, “আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। নির্বাচন নিয়ে যত ভয়-ভীতি, অত্যাচার নির্যাতনই করুন না কেন, শেষ পর্যন্ত নির্বাচনে থাকব। যত ভয় ভীতি দেখাচ্ছেন, মনোবল তত শক্ত হচ্ছে।”
ডিএসসিসি’র রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্ম-সচিব মো. আবদুল বাতেন ইশরাক হোসেনের অভিযোগের বিষয়ে বলেন, “অতি উৎসাহী হয়ে কাউকে হ্যারাসমেন্ট করলে নির্বাচন কমিশন তাকে কিছুতেই ছাড় দেবে না।” তিনি বলেন, তারা মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন। লিখিতভাবেও অভিযোগ দেবেন বলেছেন। আমরা নির্বাচনী বিধি অনুযায়ী ব্যবস্থা নেবো।
ইশরাক হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেলে বিএনপি সমর্থিত ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাজউদ্দিন আহমেদ তাজুকে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই সাদা পোশাকের পুলিশ গ্রেফতার করে। একই সাথে ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আব্দুস সাহেদ মন্টুর কার্যালয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থক হুমকি দেয়। এ দুই অভিযোগ আমরা মৌখিকভাবে রির্টানিং কর্মকর্তার কাছে জানিয়েছি। শনিবার আমরা লিখিতভাবে অভিযোগ দায়ের করবো।
এক প্রশ্নের জবাবে ইশরাক বলেন, আমি ভীত নই, মনোবল শক্ত হচ্ছে। নির্বাচনী মাঠ থেকে আমরা সরে যাবো না। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত জনগণকে নিয়ে মাঠে থাকবো।
তিনি বলেন, বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা কেউ পালিয়ে যাওয়ার মতো নন। কিন্তু হয়রানিমূলক মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে।
উল্লেখ্য, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি-ডিএসসিসি) নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ২ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি এবং আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এবারই প্রথম ঢাকা সিটিতে সবগুলো কেন্দ্রে ইভিএমে ভোট হচ্ছে। ঢাকা দক্ষিণে ইশরাক হোসেনের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ব্যারিস্টার তাপস।
এমবি





