প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা চুক্তি না হলেও অগ্রগতি হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  

আজ (শুক্রবার) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ফ্লাইওভার কাজের পরিদর্শন করে কাদের সাংবাদিকদের একথা বলেন।   

সেতুমন্ত্রী বলেন, ঈদের আগে তিন দিন ট্রাক, লরি ও ভারী যানবাহন চলাচল সীমিত থাকবে। এসময় ফিটেনেসবিহীন গাড়ি সড়কে না নামাতে শ্রমিক নেতাদের অনুরোধ করেছেন বলে জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মিয়ানমার শুধু রোহিঙ্গাদের পাঠায়নি, ইয়াবাও পাঠিয়েছে।  আমরা কাউকে ছাড় দিচ্ছি না, সে যেই হোক। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তিনি যেই হোন না কেন কোন ছাড় দেওয়া হবে না।

কাদের বলেন, মাদকের রাঘববোয়াল থেকে চুনোপুঁটি কেউ ছাড় পাবে না। জনপ্রতিনিধি হন, নেতা হন, বড় রাজনীতিক হন, তার বিরুদ্ধ অভিযোগ প্রমাণ হলে কোন ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে এবং সামাজিকভাবে এর প্রতিরোধ গড়ে তুলতে হবে, পাশাপাশি সচেতনতাও তৈরি করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু প্রমুখ।

এমবি