বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল মাহবুবুর রহমান বলেছেন, দেশে গণতন্ত্র না থাকায় বাংলাদেশ আজকে সারা বিশ্বে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অল কমিউনিটি ফোরাম আয়োজিত ‘চ্যালেঞ্জেস অব এক্সিট্রিমিজম ইন বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মাহবুব বলেন, বাংলাদেশ শান্তির দেশ। এ দেশে কোন জঙ্গি থাকতে পারে না। কিন্তু বর্তমান দেশে গণতন্ত্র না থাকায় আজকে সারা বিশ্বে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত হচ্ছে। দেশে সুষ্ঠু গণতন্ত্র ফিরে না আসা পযরন্ত জঙ্গিবাদের উত্থান রোধ করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা ।
প্রাক্তন এই সেনা প্রধান বলেন, বিদেশি হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক সব হত্যাকাণ্ডের দায় স্বীকার করছে আইএস কিন্তু সরকার বলছে দেশে কোনো আইএস নেই। তাহলে সরকার তাদেরকে গ্রেফতার করে প্রমাণ করছে না কেন দেশে আইএস নেই।
বাংলাদেশ বার বার উগ্রবাদের শিকার হচ্ছে এটা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। এদেরকে কঠোরভাবে দমন করতে না পারলে এদেশ এক সময় সিরিয়া, আফগানিস্তানের মত ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে পারে বলেও আশঙ্কা করেন তিনি।
আয়োজক সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা দিলারা চৌধুরী, প্রাক্তন এমপি সৈয়দ আসিফা আশরাফ পাপিয়া, বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
এমআর





