২০১৩-১৪ অর্থ বছরের দলীয় আয়-ব্যয়ের হিসাব দাখিল করেছে দশম সংসদ নির্বাচনের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।
সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়ার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আয়-ব্যয়ের হিসাব দাখিল করেন ।
এ বিষয়ে জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব রেজাউল ইসলাম বলেন,গত অর্থ বছরে জাতীয় পার্টির আয় করেছে ৩ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ৪২৯ টাকা। অন্যদিকে,গত অর্থ বছরে দলের বিভিন্ন অনুষ্ঠানে ব্যয় হয়েছে ২ কোটি ৮২ লাখ ২১ হাজার ৫২৯ টাকা।
তিনি আরও বলেন, দলের প্রধান আয় হচ্ছে,কর্মীদের মাসিক চাঁদা,বিভিন্ন প্রকাশনা বিক্রি, দলের জন্য নেতাদের অনুদানেই চলে দলের ব্যয় ।
উল্লেখ্য, নির্বাচন কমিশন (ইসি) গত ৩১ জুলাইয়ের মধ্যে হিসাব দেওয়ার জন্য জামায়াত ব্যতীত সবগুলো নিবন্ধিত রাজনৈতিক দলকে চিঠি দেয়। নির্দিষ্ট সময়ের মধ্যে মাত্র ২৫টি দল তাদের আয়-ব্যয়ের হিসাব দাখিল করে।
বাকি দলগুলোর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ ১৪টি দল সময় বৃদ্ধির আবেদন করে ইসিকে চিঠি দেয়। এর মধ্যে গণফ্রন্ট কোনো চিঠি বা হিসাব দেয়নি।
গত রোববার কমিশন সভায় আবেদনকারি দলগুলোর চিঠি আমলে নিয়ে হিসাব জমা দেওয়ার সময় ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করে নির্বাচন কমিশন ।
ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





