বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, সিটি নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানাই। তবে সেটি আগামীকাল থেকেই মোতায়ন করলে ভাল হয়। তাদের স্ট্রাইকিং ফোর্স হিসেবে নয়, বিচারিক ক্ষমতা দিয়ে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে।
মঙ্গলবার বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসনের গাড়ীবহরের ওপর হামলার ঘটনায় প্রধানমন্ত্রী এটিকে নাটক বলে হাস্যকর যে বক্তব্য দিয়েছেন তাতে সন্ত্রাসীরা আরও আষ্কারা পাবে।
ড. আসাদুজ্জামান রিপন বলেন, সরকারের দায়িত্ব তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া। কিন্তু সরকার তা দিতে ব্যর্থ হয়েছে। তারা যে একদলীয় শাসনে বিশ্বাসী সেটিই প্রমাণ করেছে।
এই ঘটনায় চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষায় নিয়োজিত মেজর (অব) ফজলে এলাহী সংশ্লিষ্ট থানায় জিডি করতে গেলে এফআইআর গ্রহণ করা হয়নি। এর মাধ্যমে আইনের শাসনের সমতা পরিলক্ষিত হয়নি।
তিনি বলেন, আমরা প্রত্যাশা করেছিলাম নতুন বাংলা বছরের শুরুতেই তিবাচক রাজনীতি উপহার দিতে। কিন্তু শাসকদলের আগ্রাসী মনোভাবের কারণে তা সম্ভবপর হচ্ছে না।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপিরসহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিনখান, শাম্মী আকতার, সহশিল্পবিষয়ক সম্পাদক ও ফরিদপুর জেলা বিএনপির সভাপতি জহিরুল হক শাহজাদা প্রমুখ।
এমএইচ/কেএইচ





