রাজধানীসহ সারাদেশে ২০ দলীয় জোটের ডাকা হরতালে ব্যাপক তৎপরতা দেখাচ্ছে ছাত্রদল ও ছাত্রশিবির। বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ ও পিকেটিং করছে ছাত্র সংগঠন দু'টির নেতাকর্মীরা।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর সন্ত্রাসী হামলা ও জোট নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ হরতাল পালন করছে ২০ দলীয় জোট।
এদিকে হরতাল সমর্থনে মিছিল সমাবেশ করতে গিয়ে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া গেছে। ভাংচুর করা হয়েছে বেশ কিছু যানবাহন। ককটেল বিস্ফোরণ ছাড়াও আগুন জ্বালিয়ে রাস্তায় অবরোধ সৃষ্ট করেছে হরতাল সমর্থকরা।

জানা যায়, হরতাল সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ইস্টার্ন মল্লিকা থেকে এ মিছিলটি বের করে তারা।
মিছিলটি নিউ মার্কেটের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় মিছিল থেকে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মিছিলে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতুর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন করিম সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মাইনুল ইসলাম,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি জাকির হোসেন, বাশার সিদ্দিকী, রনিক, মামুন খান, রাকিবসহ ৩০-৪০ জন ছাত্রদল কর্মী।
এছাড়াও বরিশাল মহানগরীতে সকাল ৭টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা হরতালের সমর্থনে নগরীর জেলখানা মোড় এলাকা থেকে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়।
এ সময় বিক্ষুব্ধ ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে ছুটে এলে হরতালের সমর্থনকারীরা চলে যায়।

এদিকে রাজধানীর যাত্রাবাড়ির দনিয়ায় বৃহস্পতিবার সকাল ৭টায় মিছিল সমাবেশ ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে মহানগরী দক্ষিণ ছাত্রশিবির।
হরতাল সমর্থনের ওই মিছিলে নেতৃত্ব দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক শাহীন আহমেদ খান।
দক্ষিণ বনশ্রীতে হরতাল সমর্থনে বৃহস্পতিবার সকাল ৮টায় মিছিল সমাবেশ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব।

কেন্দ্রীয় সাহিত্য সস্পাদক ইয়াসিন আরাফাতের নেতৃত্বে মিছিলটি বনশ্রীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এদিকে রাজধানীর ডেমরা থানা ২০ দলীয় জোটের নেতাকর্মীরাও হরতাল সমর্থনে মিছিল সমাবেশ করেছে। বৃহস্পতিবার সকাল ৭টায় শুরু হওয়া ওই মিছিল সেখানকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ মিলিত হয়।
এছাড়া হরতালের সমর্থনে রাজধানীতে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব। এ মিছিলে জামায়াত শিবিরের আটক নেতা-কর্মীদের মুক্তি দাবি করা হয়।

ঢাকা মহানগরী দক্ষিণ ছাত্রশিবির সভাপতি মঈনুদ্দীন মৃধা এ মিছিল সমাবেশে নেতৃত্ব দেন। এছাড়াও ২০ দলের হরতাল সমর্থনে যাত্রাবাড়ি পূর্ব থানা ছাত্রশিবির নেতাকর্মীরা মিছিল সমাবেশ করেছে।
.jpg)
এদিকে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমানের উপর হামলা ও জামায়াতের শীর্ষনেতৃবৃন্দের মুক্তির দাবিতে মিছিল করেছে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা শিবির। ইসলামী ছাত্রশিবির টঙ্গীবাড়ী উপজেলা সভাপতি মু.দেলোয়ার হুসাইনের নেতৃত্বে মিছিলটি বের হয়।
২০ দলীয় জোটের ডাকা সকাল সন্ধ্যা হরতালে সকালে রাজধানীর ভাটারা ও উত্তরায় মিছিল ও রাস্তায় আগুন দিয়েছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর।

সকাল সাড়ে ৮টায় রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকায় মিছিল ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে শিবির ঢাকা মহানগরী উত্তর। রাস্তায় অগ্নিসংযোগ করে এসময় শিবিরকর্মীরা প্রায় ২০ মিনিট রাস্তা অবরোধ করে রাখে।
২০ দলীয় জোটের টানা অবরোধের পাশাপাশি আজকে সারাদেশে হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করেছে ছাত্রশিবির গাজীপুর মহানগরী। মহানগরীর সভাপতি ফুয়াদ হাসানের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন মহানগরী শিক্ষা সম্পাদক মিজানুর রহমান সহ অন্যান নেত্রী বৃন্দ। মিছিলটি ভোগরা বাইপাস কলম্বিয়া এলাকায় অনুষ্ঠিত হয়। এ সময় একটি গাড়িতে আগুন দেয় পিকেটাররা।

অন্যদিকে হরতাল সমর্থনে বৃহস্পতিবার সকাল ৭টায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা সিলেটের দক্ষিণ সুরমায় অতিরবাড়ি এলাকায় সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে। প্রায় ১০ মিনিট সড়ক অবরোধ রাখার পর পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়।
এদিকে সিলেট দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, বৃহস্পতিবার ভোরে সিলেট দক্ষিণ সুরমা শিবিরের সেক্রেটারি আজিজুল আম্বিয়া তারেককে আটক করা হয়েছে।

রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে পুলিশ এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি। বুধবার সকালে রাজধানীর ধোলাইখালে এ ঘটনা ঘটে। মিছিলে নেতৃত্বদেন জবি ছাত্রদল নেতা ওমর ফারুক কাউসার।
এছাড়াও অবরোধ সমর্থনে বুধবার রাজধানীর ফার্মগেট এলাকায় মিছিল বের করে তেঁজগাও কলেজ শাখা ছাত্রদল। এসময় কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেয়।

২০ দলের ডাকা হরতালের সমর্থনে রাজধানীর বেইলী রোড ও রমনা এলাকায় মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব ও স্বেচ্ছাসেবকদলের সভাপতি হাবিব উন-নবী খান সোহেল।
বৃহস্পতিবার সকাল ১১টায় মিছিলটি বেইলী রোড থেকে শুরু হয়ে ভিকারুননিছা স্কুল প্রদক্ষিণ করে রমনায় গিয়ে শেষ হয়। এ সময় মিছিলকারীরা হরতালের সমর্থনে বিভিন্ন শ্লোগান দেয়।
মিছিলে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সাদরেজ জামান, সহ-দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, হাজী মো: লিটন, আবুল কালাম আজাদ, অ্যাড. লোবান,
সওগাতুল ইসলাম ছগির, রফিকুল ইসলাম, জেড আই কামাল, মোজাম্মেল হক মৃধা, আতিকুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা নুরজ্জামানসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এআর/ কেবি





