বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিককে ষড়যন্ত্রমূলক মামলায় জামিনের পর পূণরায় গ্রেফতার ও নিখোঁজ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
শনিবার এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান এ নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা বলেন, পবিত্র ঈদের মাত্র দু'দিন আগে মিথ্যা মামলায় জামিন পাওয়ার পরও তাকে জেলগেট থেকে পূণরায় গ্রেফতার ও নিখোঁজ করে প্রশাসন অমানবিক আচরণ করেছে। এ অমানবিকতার নিন্দা জানানোর ভাষা নেই।
তারা আরও বলেন, সরকারের চাটুকারীতা করতে গিয়ে বার বার এমন অমানবিক আচরণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ডিবি পুলিশ জেলগেট থেকে তাকে গ্রেফতার করলেও এখন পর্যন্ত তারা তা স্বীকার করছেনা। ফলে তার পরিবার পরিজন দুশ্চিন্তার মধ্যে রয়েছে।
অবিলম্বে তার খোঁজ ও মুক্তির দাবি জানিয়ে তারা বলেন, তার সামান্যতম ক্ষতি হলে চরম মূল্য দিতে হবে এবং এর দায়ভার প্রশাসনকে বহন করতে হবে। তার উপর কোন অন্যায় করে ঈদের আনন্দকে বিষাদে পরিণত করা হলে ছাত্রশিবির যে কোন মূহুর্তে যে কোন কঠোর কর্মসূচি ঘোষনা করতে বাধ্য হবে।
অবিলম্বে মানিকের সন্ধান ও মুক্তি দিতে এবং ভবিষ্যতে এমন অমানবিক আচরণ থেকে বিরত থাকতে প্রশাসনের প্রতি আহবান জানান শিবির সভাপতি ও সেক্রেটারি।
ঢাকা, ২৬ জুলাই,টাইমনিউজবিডি.কম, এসআর





