পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা সরে দাঁড়ালে তাদের হারানো পদ ফিরে পেতে আবেদন করতে পারবে বলে জানালেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।
শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘দল থেকে যাদের বহিষ্কার করা হয়েছে, তাদের ফিরিয়ে নেয়ার সুযোগ নেই। তবে দলের সিদ্ধান্ত অমান্য করে যারা নির্বাচনে অংশ নিয়েছে তারা নির্বাচন থেকে সরে এসে দলীয় পদ ফিরে পেতে আবেদন করতে পারে।’
তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার নৌকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করতে পারে এমন জনপ্রিয় কেউ হয়ে ওঠেনি। দলের সিদ্ধান্ত অমান্য করে যারা নির্বাচনে অংশ নিয়েছে, তাদের যারা সহযোগিতা করবে, সে বিষয়ে সঠিক তথ্য-প্রমাণ পেলে গঠণতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিএনপি উস্কানীমূলক বক্তব্য দিচ্ছে দাবি করে হানিফ বলেন, ‘বিএনপি নেতারা পৌর নির্বাচনে সংবাদ সম্মেলন করে সরকার ও সরকারের মন্ত্রীদের বিষয়ে আপত্তিকর, অশালীন এবং অসত্য তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এমনকি পথসভাতেও এমন বক্তব্য দিয়েছেন। যা নির্বাচনের আচরণবিধির পরিপন্থি। আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের। পাশাপাশি বিএনপি নেতাদের বলবো, উস্কানীমূলক বক্তব্য দিয়ে নির্বাচনে পরিবেশ নষ্ট করার চেষ্টা করবেন না।’
কী কারণে জনগণ আপনাদের ভোট দেবে? প্রশ্ন রেখে তিনি বলেন, ‘রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দেশকে অন্ধকার পথে নিয়ে গিয়েছিলেন। বিরোধী দলে থাকতে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন। মানুষ চায় না বলেই আপনাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে। ভবিষ্যতেও যেকোনো নির্বাচনে আপনাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে। জনগণ আওয়ামী লীগের উন্নয়নের পক্ষে আছে। আওয়ামী লীগের পক্ষে থাকবে।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- দলটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় সদস্য এসএম কামাল হোসেন, এনামুল হক শামীম।
এমএইচ





