বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন দাবি করেছেন, জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের পাত্তা থাকত না। এ জন্য নির্বাচনে তারা জবরদখল করছে।

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় খন্দকার মোশাররফ এই কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহিলা দল ওই আলোচনা সভার আয়োজন করে।

খন্দকার মোশাররফ বলেন, সরকার জনগণকে ভয় পায়। কারণ, তারা জানে জনগণ তাদের মত প্রকাশ করতে পারলে সরকারি দলের অস্তিত্ব থাকবে না। চলমান ইউপি নির্বাচনেও যদি মানুষ ভোট দেওয়ার সুযোগ পেত, তাহলে আওয়ামী লীগের কোনো পাত্তা থাকত না। এটি জেনেই ক্ষমতাসীনেরা জবরদখল করে ফল ছিনিয়ে নিচ্ছে।

সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে খন্দকার মোশাররফ বলেন, খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে আগুন নিয়ে খেলা করা। এর পরিণতি শুভ হবে না। বিএনপিকে ধ্বংস করতে এখনো নানা ষড়যন্ত্র চলছে বলেও তিনি দাবি করেন।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ বক্তব্য দেন।

ওএফ