ডেঙ্গু নিয়ে অজুহাত সৃষ্টি না করে মশার উৎস ধ্বংস করতে ঢাকা সিটি করপোরেশনের দুই মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
আজ শনিবার রাজধানীর রমনায় ইঞ্জনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অগ্রণী ব্যাংক অফিসার্স সমিতির পরিচিতি সভায় মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
তিনি বলেন, “এ বছর ডেঙ্গুর প্রকোপ একটু বেশি। তাই দুই মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীকে বলব, এখন ডেঙ্গু নিয়ে সভা-সেমিনার করে লাভ নেই। এখন কাজ হবে ডেঙ্গুর উৎস্য ধ্বংস করা। সরকার নিরলসভাবে ডেঙ্গু ও বন্যার চ্যালেঞ্জ মোকাবিলা করছে।”
“ডেঙ্গু ও বন্যা নিয়ে আওয়ামী লীগ বেকায়দায় পড়েছে”- বিএনপি নেতাদের এমন বক্তব্যে আওয়ামী লীগের এ জ্যৈষ্ঠ নেতা মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ বেকায়দায় পড়ার দল নয়। আওয়ামী লীগের জন্মই হয়েছে বিজয় লাভ করার জন্য। তাই বিএনপি নেতাদের বলব, ডেঙ্গু ও বন্যা নিয়ে রাজনীতি করবেন না। শুধু বক্তৃতা না দিয়ে, দুর্গত মানুষের পাশে দাঁড়ান, মানুষকে সহযোগিতা করুন।
তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে আলোচনা করে ডেঙ্গুর উৎসস্থল চিহ্নিত করতে হবে। এরপর সবাই মিলে মাঠে নেমে কাজ করতে হবে। তাহলেই এক সময়কার ম্যালেরিয়ার মতো ডেঙ্গুমুক্ত হবে বাংলাদেশ।
তিনি বলেন, ডেঙ্গু জ্বরে আক্রন্ত হয়ে মানুষ অনেক কষ্ট পাচ্ছে। আমরা এখন সরকারে আছি, কোনো অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চললে আমাদের চলবে না। ডেঙ্গু সমস্যার সমাধান করতে হবে। এক সময়ে ম্যালেরিয়ার মতো ডেঙ্গু মুক্ত হবে বাংলাদেশ।
অগ্রণী ব্যাংক অফিসার সমিতির সভাপতি মোহাম্মদ নাজমুল হুদার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, অগ্রণী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ড. জাহেদ বখত, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলাম, পরিচালনা পরিষদ সদস্য কাশেম হুমায়ুন, অফিসার সমিতির সাধারণ সম্পাদক মোবারক হোসেন প্রমুখ।
এএস





