আসন্ন পৌরসভা নির্বাচন ১৫ দিন পেছানোর যে দাবি জানিয়েছে বিএনপি তা নির্বাচন কমিশনকে যতটুকু সম্ভব বিবেচনার কথা জানিয়েছে আওয়ামী লীগ।
রোববার দুপুরে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নির্বাচনী আচরণবিধির বিষয়ে আলোচনার জন্য নির্বাচন কমিশনে (ইসি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাত করেন।
সাক্ষাত শেষে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বিএনপির ১৫ দিন নির্বাচন পেছানোর যে দাবি, নির্বাচন কমিশনকে তা যতটুকু সম্ভব বিবেচনায় নেয়ার আহবান জানিয়েছি।
হানিফ বলেন, পৌর নির্বাচনের আচরণবিধিতে এমপিদের প্রচারণার অংশ না নেয়ার যে ধারাটি আছে তা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।
তিনি বলেন, এমপি পদ কোন লাভজনক পদ নয়। স্থানীয় সরকার নির্বাচনের প্রচারণায় অংশ নেয়া তাদের সাংবিধানিক অধিকার। যদি তাদের এ অধিকার না দেয়া হয় তাহলে এ অধিকার ক্ষুন্ন হবে।
হানিফ বলেন, নির্বাচনী আচরণবিধি সংশোধনের অনুরোধ জানিয়েছি। সিইসি বিষয়টি দেখবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।
এমকে





