সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে শনিবার সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ ডেকেছে প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে কয়েকটি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা এ কর্মসূচির ঘোষণা করে।

ভাস্কর্য সরানোর প্রতিবাদে দুপুরে সুপ্রিম কোর্টের সামনে ছাত্র-জনতা মিছিল বের করলে পুলিশ বাধার সম্মুক্ষীণ হয়। একপর্যায়ে দুই গ্রুপের সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের সর্বশেষ তথ্যমতে এই পর্যন্ত প্রায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

তাই পুলিশের হামলা ও মূর্তি সরানোর প্রতিবাদে শনিবার সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বেশ কয়েকটি ছাত্র সংগঠন।

ন্যায়বিচারের প্রতীক হিসেবে সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত আলোচিত এ ভাস্কর্য সরানোর কাজ শুরু হয় বৃহস্পতিবার মধ্যরাতে। রাত সাড়ে ১২টার দিকে সুপ্রিম কোর্টের বন্ধ ফটকের বাইরে থেকে বেশ কয়েকজন শ্রমিককে ভাস্কর্যটি অপসারণের কাজে নিয়োজিত থাকতে দেখা যায়।

ভাস্কর্যটির শিল্পী মৃণাল হকও এ সময় সেখানে উপস্থিত ছিলেন। তবে কাদের তত্ত্বাবধানে ভাস্কর্যটি অপসারণ করা হয় সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।

সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য সরানোর সময় রাতভর আদালতের ফটকের সামনে বিক্ষোভ করেছেন বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।
মেহেদি হাসান খাজা