পিনাক-৬ লঞ্চ ডুবিতে জানমালের ব্যাপক ক্ষয়-ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ।

সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এ শোক জানান।

বিবৃতিতে তিনি বলেন, সোমবার মাওয়া-কাওড়াকান্দী রুটে শরীয়তপুর ঘাট থেকে মাওয়ার উদ্দেশে ছেড়ে আসা পিনাক-৬ নামক একটি লঞ্চ ডুবিতে জানমালের ব্যাপক ক্ষয়-ক্ষতিতে আমি গভীর শোক প্রকাশ করছি। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা থেকে জানা যাচ্ছে যে, অতিরিক্ত যাত্রী বোঝাই এবং বৈরী আবহাওয়ার কারণেই লঞ্চ ডুবির এ ঘটনা ঘটেছে। এ বর্ষা মওসুমে লঞ্চে যাতে অতিরিক্ত যাত্রী কেউ বোঝাই করতে না পারে এবং বৈরী আবহাওয়ায় লঞ্চ চলাচল বন্ধ রাখার জন্য নৌ-পরিবহণ কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল।

আর যাতে এ রকম নৌ-দুর্ঘটনা না ঘটে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নৌ-পরিবহণ কর্তৃপক্ষের প্রতি আহবান জানান তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, লঞ্চ কর্তৃপক্ষ যাতে অতিরিক্ত যাত্রী বহণ করতে না পারে সে জন্য নৌ-পরিবহণ কর্তৃপক্ষ কোন ব্যবস্থাই গ্রহণ করেননি। ফলে এ দুর্ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনার দায়িত্ব নৌ-পরিবহণ কর্তৃপক্ষ কিছুতেই এড়াতে পারেন না।

এ লঞ্চ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং যারা নিহত হয়েছে তাদের পরিবার-পরিজন এবং আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করার জন্য সরকারের প্রতি আহবান জানান মকবুল আহমাদ।

ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই