এডভোকেট ড. হেলাল উদ্দিনের গ্রামের বাড়িতে পুলিশি অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। ড. হেলাল জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী।

আজ (২৬ আগস্ট) দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাওলানা রাফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ এই প্রতিবাদ জানান।  

এক যৌথ বিবৃতিতে জামায়াত নেতৃবৃন্দ বলেন, “জামায়াত নেতা এডভোকেট ড. হেলাল উদ্দিনের নামে কোন গ্রেফতারী পরোয়ানা না থাকলেও তাকে গ্রেফতারের উদ্দেশ্যে গ্রামের বাড়িতে অন্যায়ভাবে পুলিশের তল্লাশি ও হয়রানি করার ঘটনায় আমরা স্তম্ভিত। ঈদুল আজহার মত একটি ধর্মীয় ও সামাজিক উৎসবে বাধা সৃষ্টি করা সম্পূর্ণ অন্যায়, অযৌক্তিক ও চরম মানবাধিকার লংঘনের শামীল। আমরা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”  

“সেইসাথে আওয়ামী সরকার নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিরোধী রাজনৈতিক দল ও মতাদর্শের ব্যক্তিবর্গকে হয়রানি করার যে প্রতিহিংসার রাজনীতির চর্চা করছে তা দেশের জন্য বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে।”  

জামায়াত নেতৃবৃন্দ আরও বলেন, “আমরা অবিলম্বে এই হিংসাত্মক ও বিভাজনের রাজনীতি পরিহার করে ক্ষমতাসীনদের গনতান্ত্রিক মূল্যবোধ ও সহনশীল রাজনীতি চর্চার আহবান জানাচ্ছি। অপরদিকে কোনরকম পরোয়ানা ছাড়াই রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের কাছ থেকে এই ধরনের আইন পরিপন্থী ন্যক্কারজনক আচরণ ও হয়রানি কারো কাম্য নয়।” 

আজ জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার সহকারীআব্দুল্লাহ সাইফ স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এই তথ্য জানানো হয়।

উল্লেখ্য, এডভোকেট ড. হেলাল উদ্দিন পরিবার পরিজনের সাথে ঈদুল আজহা পালন করতে তাঁর গ্রামের বাড়ী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সিমলা গ্রামে যান।  

ড. হেলাল নিজ বাড়িতে অবস্থান করছেন এখবর পেয়ে গতকাল শনিবার (২৫ আগস্ট) বেলা ১২টায় তাকে গ্রেফতারের উদ্দেশ্যে অন্যায়ভাবে তার বাড়িতে পুলিশ তল্লাশি চালায় ও পরিবারের লোকজনকে হয়রানি করে। 

এমবি