৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পূনর্মিলনীর আয়োজন করেছে আওয়ামী যুবলীগ। ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে সংগঠনটি।৫ থেকে ৭ লাখ লোকের সমাগম ঘটানোর টার্গেট নেয়া হয়েছে।
পূনর্মিলনীকে ঘিরে সারাদেশের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।অনুষ্ঠান সফল করতে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনের নেতারা।বিভিন্ন শাখা বেশ কয়েক দফা প্রতিনিধি সভা করেছে বলে টাইমনিউজবিডিকে নিশ্চিত করেছেন যুবলীগের এক নেতা।ইতোমধ্যে ঢাকাসহ সারাদেশের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা ।
নির্দেশনা অনুযায়ী ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ এবং মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, সাভারসহ সারাদেশের জেলা-উপজেলার নেতাকর্মীরা আলাদা আলাদা প্রতিনিধি সভা করেছেন।
জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানের মঞ্চেই থাকবে ৫শ' চেয়ার- যেখানে আমন্ত্রিত অতিথি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দেশের সকল জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা বসবেন।প্যান্ডেলের ভেতরে থাকবে ২০ হাজার চেয়ার, যেখানে ঢাকা ও বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা আসন গ্রহণ করবেন।
এদিকে, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশ সেজেছে নেতাকর্মীদের পোষ্টার, ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ডে। বর্তমানে রাজধানীর অধিকাংশ বিলবোর্ডে স্থান পেয়েছে যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার। রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
১৫ নভেম্বরের পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অথিতি থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সভাপতিত্ব করবেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।ওইদিন দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে এই অনুষ্ঠান হবে।
সূত্র জানায়, টানা দ্বিতীয়বারের ক্ষমতায় আসা আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের পূনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে স্বরণ কালের শ্রেষ্ট যুব জাগরণের সৃষ্টি করতে চায় যুবলীগ। বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকে যুবলীগ দেখিয়ে দিতে চায় যুবসমাজ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।
এর আগে যুবলীগ ১১ নভেম্বর (মঙ্গলবার) নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন। ওইদিন যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত শেখ ফজলুল হক মণিসহ সব শহীদের কবরে ফুলের শ্রদ্ধা ও দোয়া মাহফিল করেছেন সংগঠনটি।
১০ নভেম্বর রাত ১২.০১ মিনিটে ধানমণ্ডির ৩২ নম্বরে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। সকাল ৯ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতারা।
এ ব্যাপারে জানতে চাইলে যুবলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু টাইমনিউজবিডিকে বলেন, অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় শেষ। অনুষ্ঠান সফল করতে ঢাকাসহ আশপাশের জেলা উপজেলা নেতাকর্মীদের সঙ্গে বৈঠক হয়েছে। সমাবেশে ব্যাপক লোকের সমাবেশ ঘটাতে চাই।
যুবলীগের সাধারণ সম্পাদক মো: হারুনুর রশিদ টাইমনিউজবিডিকে বলেন, যুবলীগের পূনর্মিলনী সর্ব কালের শ্রেষ্ট অনুষ্ঠান হবে। অনুষ্ঠান সফল করতে আমরা সারাদেশে মাসব্যাপি প্রস্তুতি কর্মসূচি পালন করেছি। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে ও জনগণের ক্ষমতায়নে জন্য যে নিরলস সংগ্রাম করে যাচ্ছে তার সঙ্গে থাকবে যুবলীগ। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে যুবলীগ অগ্রনী ভুমিকা রাখবে।
এমআর





