বিক্ষোভ- ভাঙচুর আর অগ্নিসংযোগের মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ। একইসঙ্গে কিছু এলাকায় স্থানীয় বিএনপির ডাকে হরতালও চলছে কড়াভাবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখার প্রতিবাদ ও আটক জোট নেতাকর্মীদের মু্ক্তির দাবিতে দেশব্যাপী এ অবরোধ পালন করছে ২০ দল। শনিবার ১২তম দিনের অবরোধ চলছে।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি বেশ কিছু যানবাহনে ভাঙচুরের পর অগ্নিসংযোগ করেছে অবরোধ সমর্থকরা। এসব ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ বেশ কিছু মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

জানা যায়, শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর রায়ারবাগে যাত্রীবাহী একটি বাসে আগুন দিলে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ ৫-৭ জন দগ্ধ হয়েছেন। অগ্নিদগ্ধ ওই ছাত্রীর নাম সুলতানা ইসলাম দীবা।

তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নৃবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম। তিনি ওই ছাত্রীকে হাসপাতালে দেখেও এসেছেন বলে জানিয়েছেন।

এছাড়াও শনিবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর মিরপুর-১৩তে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে অবরোধ সমর্থকরা। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার রাতে রাজধানীর রামপুরা, তেজগাঁও, উত্তর বাড্ডা, ধানমন্ডি, মিরপুর ও গুলিস্তানে অন্তত ৬টি যানবাহনে অগ্নিসংযোগ করেছে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। এসময় রাজধানীর বিভিন্ন এলাকায় কয়েক ডজন ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

এদিকে টানা অবরোধের ১২তম দিনেও রাজধানীর ডেমরায় মিছিল ও সড়ক অবরোধের চেষ্টা করেছে জামায়াতে ইসলামী ডেমরা থানা।

ঢাকা মহানগরী মজলিশে শূরা সদস্য হাফিজুর রহমানের নেতৃত্বে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মিছিলটি ডেমরার আজিমুশশান জামে মসজিদ থেকে শুরু হয়ে একটু সামনে গিয়ে সড়ক অবরোধ করে।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে হাফিজুর রহমান বলেন, এই সৈরাচারি সরকার তাদের সময় শেষ দেখে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করে শেষ রক্ষার চেষ্টা করছে। তবে আর লাভ নেই এবার বিদায় নিতেই হবে।

মিছিলে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির ডেমরা থানা উত্তরের সভাপতি আব্দুল্লাহ আল রুমি ও দক্ষিণের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।

এদিকে সকাল সাড়ে ৮টার দিকে মহানগরী উত্তর ছাত্রশিবিরের প্রশিক্ষণ সম্পাদক আইয়ুব আলীর নেতৃত্বে উত্তরার দক্ষিণখান এলাকায় মিছিল ও অন্তত অন্তত ২০ মিনিট রাস্তা অবরোধ করে নেতাকর্মীরা। এসময় রাস্তায় রিক্সাসহ সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

মিছিল ও অবরোধে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সাহিত্য সম্পাদক আজিজুল ইসলাম সজিব, দক্ষিনখান থানা সভাপতি কামরুজ্জামান সোহাগ, বিমানবন্দর থানা সভাপতি জাকেরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্রশিবির কেরানীগঞ্জ উপজেলা।

এআর