বিক্ষোভ, ভাংচুর আর অগ্নিসংযোগের মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে জামায়াতে ইসলামীর ডাকা ৭২ ঘণ্টার হরতালের তৃতীয় দিন। আজ সোমবার সকাল ৬টা থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত চলবে এ কর্মসূচি।
এদিকে জামায়াতে ইসলামীর আরেক নেতা মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির আদেশ দেয়ায় বৃহস্পতিবারও হরতাল ডেকেছে দলটি। গতকাল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় দেন।
এর আগে গত বুধবার মানবতাবিরোধী অপরাধের মামলায় দলটির আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দিলে বৃহস্পতি, রবি ও সোমবার হরতালের ডাক দেয় জামায়াতে ইসলামী।
প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে গত বৃহস্পতিবার প্রথম দফায় ২৪ ঘণ্টার হরতাল পালিত হয়েছে। দ্বিতীয় দফায় গতকাল রোববার থেকে শুরু হয়েছে বাকী ৪৮ ঘণ্টার হরতাল। আগামীকাল মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চলবে এ হরতাল। এছাড়াও আগামী বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু করে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে তৃতীয় দফায় ২৪ ঘণ্টার হরতাল।
আজ সোমবার হরতাল শুরু হওয়ার পর থেকেই রাজধানীসহ দেশের বেশ কিছু এলাকায় গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিংয়ের খবর পাওয়া গেছে।
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় সোমবার সকাল সাড়ে ৭টার দিকে গাড়ী ভাংচুরের সময় দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আকাশ জানিয়েছেন, এদের মধ্যে একজনের নাম রোকনুজ্জামান রণি। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র। আরেকজনের পরিচয় জানা যায়নি।
এদিকে সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর তেজগাঁও-লিংকরোড ফ্লাইওভারের মোড় থেকে প্লাস্টিকে মোড়া তিনটি তাজা ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে হরতাল সমর্থনে বিক্ষোভ শেষে দু'টি গাড়িতে অগ্নিসংযোগ করে জামায়াত-শিবির নেতাকর্মীরা।
এদিকে আজ সোমবার মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের আপিলের চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ রায় ঘোষণা করবে।
জামায়াতে ইসলামীর ডাকা হরতাল ও কামরুজ্জামানের রায়কে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। দেশের কয়েকটি জেলা শহরে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
এআর





