৫ জানুয়ারি দশম সংদস নির্বাচনের ২য় বর্ষপূর্তিতে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যায়িত করে জনসভা করছে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি। আজ (মঙ্গলবার) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে এই জনসভা শুরু হবে।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের মূল ফটকের সামনে উত্তরমূখী করে বিশাল আকারের মঞ্চ তৈরি করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান টাইমনিউজকে জানান-(ম্যাডাম) খালেদা জিয়া ২টার পরে জনসভায় যোগদানের উদ্দেশ্যে বাসা থেকে বের হবেন।

জনসভা আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় শুরু হলেও সকাল থেকেই কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। সকাল সাড়ে ১১টার দিকে জনসভাস্থলে গিয়ে দেখা গেছে ছাত্রদল-যুবদলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এরইমধ্যে জড়ো হয়ে বিভিন্ন ম্লোগান দিচ্ছেন।

জনসভা উপলক্ষে ফকিরাপুল মোড় থেকে নাইটিংগেল মোড় পর্যন্ত একপাশের রাস্তায় সকাল থেকেই যানচলাচল সীমিত করে দেয়া হয়েছে। এছাড়াও জনসভার আশেপাশে বিপুল সংখ্যক অাইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে।

এদিকে বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করীম শাহীন টাইমনিউজবিডিকে বলেন, ৫ জাুনয়ারির গণতন্ত্র হত্যা দিবসের আজকের জনসভায় কযেক লক্ষ লোকের সমাগম ঘটবে বলে আমরা আশা করছি। এজন্য আমাদের প্রস্তুতি নেয়া হয়েছে। আমাদের পক্ষ থেকে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে শান্তিপূর্ণ সমাবেশ সফল করা জন্য নেতাকর্মীদের বলা হয়েছে। আশা করছি সরকার ও প্রশাসন আমাদের সার্বিক সহয়োগিতা করবে।

এমএইচ