দুই মাস ১৫ দিন পর আগামীকাল (রোববার) থেকে অফিস করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিন সকাল ১০টায় তিনি সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কার্যালয়ে যাবেন।

আজ (১৮ মে) শনিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাসের সাংবাদিকদের কাছে এই তথ্য জানিয়েছেন।  

আবু নাসের বলেন, আগামীকাল (১৯ মে) রোববার সকাল ১০টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ক সভায় সভাপতিত্ব করবেন। এছাড়া গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করবেন।

সিঙ্গাপুরে দুই মাস ১০ দিন চিকিৎসা শেষে গত ১৫ মে (বুধবার) দেশে ফিরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওই দিন বিকেল ৫টা ৫২ মিনিটে তাঁকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান থেকে নেমেই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি দেশবাসীর কাছে দোয়া চান।

বিমানবন্দরে সাংবাদিকদের সামনে আবেগাপ্লুত কণ্ঠে ওবায়দুল কাদের বলেন, “মমতাময়ী মা, যিনি সত্যিই মাদার অব হিউম্যানিটি। তাঁর কাছে আমার ঋণের বোঝা আরো বেড়ে গেল। বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা আমার জন্য কোরআন শরিফ পড়ে দোয়া করেছেন। তাঁর কাছে আমার কৃতজ্ঞতা।”

দেশবাসী ও দলের সর্বস্তরের নেতাকর্মীদের দোয়ার কথা স্মরণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অনেকে হাসপাতালে ছুটে এসেছেন, যদিও আমি তখন আমার মধ্যে ছিলাম না।

উল্লেখ্য, শ্বাসজনিত সমস্যার কারণে ওবায়দুল কাদেরকে গত ০৩ মার্চ ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। এরপর, তার ধমনীতে ৩টি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা। পরে উন্নত চিকিৎসার জন্য গত ০৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। ভর্তি করা হয় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে।

৬৭ বছর বয়সী ওবায়দুল কাদের হৃদরোগ, ডায়াবেটিস ছাড়াও শ্বাসতন্ত্রের জটিল রোগ সিওপিডিতে (ক্রনিক অবসট্রাকটিভপালমোনারি ডিজিজ) ভুগছেন।

কয়েকদিন চিকিৎসার পর অবস্থার উন্নতি হলে গত ২০ মার্চ কার্ডিও থোরাসিক সার্জন ডা. শিভাথাসান কুমারস্বামীর নেতৃত্বে কাদেরের বাইপাস সার্জারি করা হয়। ৬ দিন পর তাকে আইসিইউ থেকে স্থানান্তর করা হয় কেবিনে। এক মাস পর হাসপাতাল ছাড়লও চিকিৎসকরা ‘চেকআপের জন্য’ আরও কিছু দিন তাকে সিঙ্গাপুরে থাকার পরামর্শ দেন। এখন একটি বাসা ভাড়া করে সিঙ্গাপুরে রয়েছেন ওবায়দুল কাদের। সেখানে থেকে তিনি ফলোআপ চিকিৎসায় ছিলেন। গত ১৫ মে(বুধবার) দেশে ফেরেন তিনি।

এমবি