কোথাও কোথাও বিএনপি নিজ দলের নেতাকর্মীকেই গুম ও অপহরণ করছে বলে দাবি করেছেন নৌমন্ত্রী শাজাহান খান। শুক্রবার সকাল ১০টার দিকে মাদারীপুরে উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, কোথাও কোথাও ব্যবসায়ীরাও টাকা-পয়সার জন্য অন্য ব্যবসায়ীকে গুম করছে। সারা দেশে গুম-খুন এখন সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে। সরকার তা শক্ত হাতে দমন করবে।
ঢাকায় কূটনীতিকদের ‘ইউরোপ ডে’র অনুষ্ঠানে সংলাপ আহবানের বিষয়ে তিনি বলেন, যে কোন রাজনৈতিক দল বা দলের নেতাদের সঙ্গে যে কোন মুহূর্তে সংলাপ হতে পারে। কিন্তু, যারা ধ্বংসলীলা করে, তাদের সঙ্গে সংলাপ হতে পারে না।
তিনি বলেন, যেভাবে বিএনপি-জামায়াত ২০১৩ সালে এ দেশে তাণ্ডব চালালো, তাদের সঙ্গে সংলাপ চলে না।
সংলাপ একটি রাজনৈতিক বিষয় উল্লেখ করে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের সঙ্গে কোন সংলাপ হতে পারে না বলেও মন্তব্য করেন নৌমন্ত্রী।
মন্ত্রী এ সময় নারায়গঞ্জের ৭ খুনের ঘটনায় দ্রুত সুষ্ঠু তদন্তসাপেক্ষে বিচারের আশ্বাস দেন।
[b]ঢাকা, ৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]