জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়েছে।

বুধবার ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বিকাল ৪টা ৩৮ মিনিটে শুরু হয় এই অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, সংসদ উপনেতা সাজেদা চৌধুরীসহ দশম জাতীয় সংসদের সব সংসদ সদস্য এবং মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ ও ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক আমলারা।

সম্প্রতি কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (আইপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন পদে ড. শিরীন শারমিন চৌধুরী এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট পদে জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী নির্বাচিত হন। মঙ্গলবার দেশে ফেরেন বাংলাদেশ জাতীয় সংসদের এই দুই কীর্তিমান।

‌এই দুই কীর্তিমানের সংবর্ধনা উপলক্ষ্যে বুধবার সংসদ ভবন আলোকসজ্জা করা ছাড়াও ওই এলাকায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। সংসদ ভবন ও আশপাশের এলাকায় গড়ে তোলা হয় নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনী। একমাত্র বৈধ পাসধারী ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। অনুষ্ঠানস্থলের বাড়তি নিরাপত্তা হিসেবে শক্তিশালী আর্চওয়ে স্থাপন করা হয়েছে। র‌্যাব-পুলিশসহ গোয়েন্দা সংস্থার বিপুলসংখ্যক সদস্যদের সমন্বয়ে পুরো এলাকায় গড়ে তোলা হয়েছে নিরাপত্তার ঘেরাটোপ।

ক্যামেরুনের রাজধানী ইয়াউনদে’তে গত ৯ অক্টোবর সিপিএ চেয়ারপারসন পদে ৭০ ভোট পেয়ে নির্বাচিত হন স্পিকার শিরীন শারমীন। তার প্রতিদ্বন্দ্বী ক্যারিবীয় অঞ্চলের কেইম্যান আইল্যান্ডসের স্পিকার জুলিয়ানা ও কনর। তিনি পান ৬৭ ভোট।

তিন বছর মেয়াদী ৩৫ সদস্যের নির্বাহী কমিটির নির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে চেয়ারপারসন পদে নির্বাচিত হন শিরীন শারমিন। নির্বাচনে কমনওয়েলথভুক্ত ৫৩টি সদস্য রাষ্ট্রের ১৭৫টি পার্লামেন্টের ৩২১ জন ভোটার উপস্থিত থাকলেও ভোট দিয়েছেন ১৩৭ জন।

অপরদিকে গত ১৬ অক্টোবর সাবের হোসেন চৌধুরী আইপিইউ’র প্রেসিডেন্ট নির্বাচিত হন। সুইজারল্যান্ডের জেনেভায় আইপিইউ’র ১৩১তম সম্মেলনে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন সাবের হোসেন।

নির্বাচনে তিনি পান ১৬৯ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার স্পিকার ব্রনউইন বিশপ পেয়েছেন ৯৫ ভোট।

আইপিইউ নির্বাচনে সাবের হোসেন চৌধুরী ছাড়াও ইন্দোনেশিয়ার এমপি নুরহায়াতি আলী আসিগাফ, অস্ট্রেলীয় আইনসভার স্পিকার ব্রনউইন বিশপ ও মালদ্বীপের আইনসভার সাবেক স্পিকার আবদুল্লাহ শহীদ প্রতিদ্বন্দ্বিতা করেন।

বিশ্বের বিভিন্ন দেশের আইনসভার আন্তর্জাতিক সংগঠন আইপিইউ। ১৮৮৯ সালে এর যাত্রা শুরু হয়। প্রথম বাংলাদেশি হিসেবে এই পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাবের হোসেন চৌধুরী।

কেএইচ