সরকারের পাহাড় সমান দুর্নীতি পুষিয়ে নিতে আজ তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য (অব:) জেনারেল মাহবুবুর রহমান।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত “গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি করে জনগণের পকেট কাটার বিরুদ্ধে ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির” প্রতিবাদে মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন।

সরকারের উদ্দেশ্যে মাহবুবুর রহমান বলেন, দুর্নীতি বন্ধ করে অবিলম্বে তেল, গ্যাস ও বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহার করুন। তা না হলে ১৬ কোটি জনগণকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারের পতন করা হবে।

মাহবুব বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার মূলমন্ত্র ছিল সুখি সমৃদ্ধ দেশ গড়া। যার মাধ্যমে জনগণ সুখ ও কল্যাণ পাবে। আজ স্বাধীনতার ৪৩ বছর পরেও জনগণের সে স্বপ্ন ধুলিসাৎ হয়ে গেছে। মানুষের মৌলিক চাহিদা গুলোর পরেই গ্যাস-বিদ্যুৎ এর প্রয়োজন। সরকার অযৌক্তিক ভাবে তেল, গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন গণস্বাস্থের প্রতিষ্ঠাতা ডা.জাফরুল্লাহ চৌধুরী, সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর , লে. জে. ইব্রাহিম (বীরপ্রতিক) প্রমূখ।

এমএ/এমকে