বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর করণীয় ঠিক করতে বিচারপতি টিএইচ খানের মোহাম্মদপুরের বাসায় বিএনপিপন্থী আইনজীবীদের বৈঠক শেষ হয়েছে। একইসঙ্গে ওই বাসাকে ঘিরে অবস্থানরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও চলে গেছে বলে জানা গেছে।

বুধবার সন্ধ্যা সোয়া ৫ টা থেকে সাবেক বিচারপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান টিএইচ খাঁনের মোহাম্মদপুরের তাজমহল রোডের বাসায়

প্রায় তিন ঘণ্টাব্যাপী ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

টিএইচ খানের সঙ্গে বৈঠকে অন্যান্যের মধ্যে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ জে মোহাম্মদ আলী, সাবেক মন্ত্রী এডভোকেট নিতাই রায় চৌধুরী উপস্থিত ছিলেন।

জানা যায়, বৈঠকের খবর পেয়ে টিএইচ খানের বাসা ঘিরে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে তারা সেখান থেকে চলে যায়। তবে বৈঠক শেষে বেরিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর এ বিষয়ে পরবর্তী করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

জেএ