কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেছেন দলটির ৪ জন সংসদ সদস্য।
আজ (২ অক্টোবর) বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার ইউনিটে প্রবেশ করেন। বাইরে অপেক্ষা করছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
চার সংসদ সদস্য হলেন-ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান জাহিদ, বগুড়া-৬ আসনের এমপি জিএম সিরাজ, বগুড়া-৮ আসনের মোশাররফ হোসেন এবং সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা।
এর আগে গতকাল (০১ অক্টোবর) বিকেলে বিএনপির তিন সদস্যের সংসদীয় প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। এক ঘণ্টার বেশি সময় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেন দলটির সংসদীয় মুখপাত্র, যুগ্ম-মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আমিনুল ইসলাম।
এমবি





