বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ৫ জানুয়ারি ২০ দলের সমাবেশে অনুমতি দেয়ার কোনো বিষয় নেই। বিএনপি রাজপথে থেকে গণতন্ত্র উদ্ধারে সমাবেশ করবে।

শুক্রবার সকালে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরে বাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, গণতন্ত্র এখন মৃত্যু। দেশের গণতন্ত্রের সব পথ বন্ধ করে দিয়েছে সরকার। তারা সভা সমাবেশ করতে দিচ্ছে না। মানুষের অধিকার আদায়ে রাস্তায় নামতে দেয় না। এটা কোন গণতন্ত্র। এটা আওয়ামী লীগের নিজস্ব গণতন্ত্র। তাই আন্দোলনের এ সরকারকে পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক সরকার গঠন করা হবে।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে রাজনৈতিকভাবে হেয় ও হয়রানি করছে। অথচ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নামে তথ্য প্রমাণ আছে এরকম মামলাও তুলে নিয়েছে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হাজার হাজার মামলা তুলে নিলেও বিএনপি নেতাকর্মীদের নামে প্রতিহিংসা পরায়ণ হয়ে অসংখ্য মামলা দিয়ে হয়রানি করছে। এসরকার মামলাবাজ সরকার। তারা পুরো দেশটাকে কারাগারে পরিণত করছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহস্বেচ্ছাবিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

এমএইচ/ এআর