গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ৪২৫টি কেন্দ্র। এর মধ্যে বেসরকারিভাবে ২৫০টি কেন্দ্রর ফলাফল পাওয়া গেছে।
আজ (মঙ্গলবার) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ। ভোট গণনা শেষে কেন্দ্রে ফল চূড়ান্ত করা হয়েছে। ভোটের ফল পাঠানো হচ্ছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। রিটার্নিং কর্মকতা একের পর এক কেন্দ্রের ফল ঘোষণার পর মেয়র পদে বিজয়ীর নাম ঘোষণা করবেন।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ৪২৫ ভোটকেন্দ্রের মধ্যে নানা অনিয়মের কারণে ৯টি কেন্দ্রের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তার ফল ঘোষণার আগেই বিভিন্ন উৎস থেকে কেন্দ্র ভিত্তিক ফল পাওয়া গেছে।
এখন পর্যন্ত ২৫০টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এতে দেখা গেছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের নৌকা প্রতীক পেয়েছে ২৭৪৪৯৭ ভোট।
অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির হাসান উদ্দিন সরকার পেয়েছেন ১২৬৪৯৩ ভোট।
রিটার্নিং কর্মকর্তা রকিবউদ্দিন মণ্ডল সাংবাদিকদের বলেন, ৪২৫টি কেন্দ্রের মধ্যে ৯টির ভোটগ্রহণ তাঁরা স্থগিত করেছেন।
কেন্দ্রগুলো হলো- ৯ নম্বর ওয়ার্ডের এম ই এইচ আরিফ কলেজ (৬১ নম্বর কেন্দ্র), ১৫ নম্বর ওয়ার্ডের গাজীপুরের ভোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-১ (৯৮ নম্বর কেন্দ্র), ৪২ নম্বর ওয়ার্ডের বিন্দান সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৭৪ নম্বর কেন্দ্র), ৪৮ নম্বর ওয়ার্ডের জাহান পাবলিক দত্তপাড়া কেন্দ্র (৩৪২ নম্বর কেন্দ্র), ৫১ নম্বর ওয়ার্ডের খরতৈল মনসুর আলী আদর্শ বিদ্যালয়ের দুটি কেন্দ্রে (৩৭২, ৩৭৩ নম্বর কেন্দ্র), ৫৪ নম্বর ওয়ার্ডের টঙ্গীর দক্ষিণ আউচপাড়ার হাজী কাসিম উদ্দিন বিএম এন্ড কমার্স কলেজ কেন্দ্র (৩৮৯ নম্বর কেন্দ্র)।
বিভিন্ন উৎস থেকে পাওয়া অনানুষ্ঠানিক এই ভোটের তথ্যের আইনগত কোনো ভিত্তি নেই। রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলই চূড়ান্ত। রিটার্নিং কর্মকর্তাই বিজয়ী প্রার্থীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। এরপর ফল পাঠিয়ে দেন নির্বাচন কমিশনে। সেখান থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
‘৮০ বছরের ইতিহাসে এমন ভোট ডাকাতি দেখেনি গাজীপুরবাসী’
গাজীপুরবাসী ৮০ বছরের ইতিহাসে এমন ভোট ডাকাতি দেখেনি বলে অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার।
আজ (মঙ্গলবার) নির্বাচনের ভোট গ্রহণ শেষে সাংবাদিকদের হাসান সরকার এ কথা বলেন।
বিএনপি মেয়র প্রার্থী বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ৪’শর অধিক কেন্দ্রে ভোট জালিয়াতি হয়েছে। আওয়ামী লীগের স্বরূপ উন্মোচন করার জন্যই বিএনপি নির্বাচন বয়কট করেনি বলে জানান হাসান সরকার।
হাসান সরকার অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্র দখল ও ভোট জালিয়াতির মাধ্যমে একচেটিয়াভাবে ভোট গ্রহণ হয়েছে গাজীপুরে। বিএনপির এজেন্টদের জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে।
ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। এমন ভোট ইতোপূর্বে গাজীপুরবাসী দেখেনি। এমন নির্বাচনের মাধ্যমে কমিশনকে ধ্বংস করে দেয়া হয়েছে।
গাজীপুরে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হয়েছে: ইসি সচিব
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের স্থগিত হওয়া ৯টি কেন্দ্র বাদে বাকি ৪১৬টি কেন্দ্রে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সমাপ্ত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
আজ (মঙ্গলবার) বিকেলে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষে ইসির সচিব এসব কথা বলেন।
হেলালুদ্দীন আহমদ বলেন, ৪২৫ টি কেন্দ্রের মধ্য শেষ পর্যন্ত ৯টি কেন্দ্র স্থগিত করা হয়েছে। বাকি ৪১৬টি কেন্দ্রে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সমাপ্ত হয়েছে। একটি ভোট উৎসবের মাধ্যমে গাজীপুরের ভোট সম্পন্ন হয়েছে।
এমবি





