বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় সরকারের মদদ ছিলো বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, পুলিশ প্রহরায় সরকারের মদদপুষ্ট কিছু এজেন্ট রোববার বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ভাংচুর চালিয়েছে।

মঙ্গলবার দুপুরে প্রয়াত ভাষা সৈনিক আবদুল মতিনের স্মরণে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল আরওবলেন, ওই সময়ে পুলিশ নীরব থাকলেও আজ ছাত্রদলের নেতাকর্মীরা কর্মসূচিকে কেন্দ্র করে অফিসের সামনে জড়ো হলে তাদের গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর এমন ‘দ্বিমূখী আচরণ’ নিয়েও প্রশ্ন রাখেন তিনি।

ফখরুল বলেন, ‘আজকে (মঙ্গলবার) পার্টি অফিসের সামনে থেকে ছাত্রদলের ছেলেদের তুলে নেয়া হচ্ছে। কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। অথচ সেই দিন এজেন্ট দিয়ে পুলিশি পাহারায় ৩০ জনকে আহত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আজকে ছাত্রদলের বিরুদ্ধে দাঁড়িয়েছে পুলিশ। কিন্তু সেই দিন আহতদের রক্ষায় তারা এগিয়ে আসেনি।’

প্রসঙ্গত, গত রোববার বিএনপির নয়াপল্টনের অফিসের সামনে ছাত্রদলের পদপ্রাপ্ত ও পদবঞ্চিত দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হয়।

নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ‘শটকাট বলে কিছু নেই। আন্দোলেন করতে হবে। আসুন ঐক্যবদ্ধভাবে সংগ্রাম শুরু করি। আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি।’

তিনি বলেন, আওয়ায়ামী লীগ দেশকে অনিশ্চিত, অস্থিতিশীল অবস্থার দিকে ঠেলে দিচ্ছেন।  হিটলার যেভাবে গোটা পৃথিবী দখলে করে নেয়ার চেষ্টা করেছিল। ঠিক তেমনি ক্ষমতাসীনরা দেশ দখলের চেষ্টা চালাচ্ছেন। ১৯৫২ সালে ১৪৪ ধারা জারি করে পাকিস্তান রাষ্ট্র ভাষা বাংলা দাবি থেকে আমাদের বঞ্চিত করতে পারেনি। ৭১ সালে আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করিছি। ঠিক একইভাবে দেশের মানুষ আন্দোলন করে তাদের অধিকার আদায় করে নিবে।

তিনি বলেন, সাময়িকভাবে দেশের জনগণকে দমন করা সম্ভব হলেও চীরস্থায়ীভাবে তাদেরদমন করা সম্ভব হবে না।

তার বিরুদ্ধে ২৪টি মামলার চার্জশিট দেয়া হয়েছে এমনটা দাবি করে মির্জা ফখরুল বলেন, ভংয়কর নির্যাতনের মাধ্যমে সংগ্রাম করতে হচ্ছে। এটা এক কঠিন সংগ্রাম। যা যুদ্ধের চেয়েও কম নয়।

তিনি বলেন, বিএনপি একটি উদারপন্থী দল। নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ করতে চায়। গণতান্ত্রিক সংগ্রাম করে দাবি আদায় করতে চায়।

এসময় তিনি অভিযোগ করেন ঢাকা মহানগীরর কমিটি গঠন নিয়ে বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলে বাধা দেয়া হচ্ছে। ঘরের মধ্যেও কোনো প্রোগ্রাম করতে দেয়া হচ্ছে না।

ভাষা সৈনিক আব্দুল মতিনের অবদান তুলে ধরে বিএনপির মুখপাত্র বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সুষ্টি হয়েছিল ভাষা আন্দোলনের বিজয়ের মাধ্যমে নেতৃত্দানকারি সেই মানুষটিকে আওয়ামী লীগ শেষ মর্যাদাটুকু দিতে পারেনি।

এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তজার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পাটির(এলডিপি) মহাসচিব ড. রেদওয়ান আহমেদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মহাসচিব খন্দকার লুৎফর রহমান প্রমুখ।

এমএইচ/কেএইচ