ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি-ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির নেতৃত্ব দেবেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ ও আমির হোসেন আমু।
শুক্রবার (০৩ জানুয়ারি) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত এক যৌথ সভায় ওই দুই কমিটির অনুমোদন দেওয়া হয়।
আগামী ৩০ জানুয়ারি দুই সিটির নির্বাচন সামনে রেখে দলীয় নির্বাচন কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দেবেন দলের বর্ষীয়ান এই দুই নেতা।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এ তথ্য জানিয়েছেন।
ঢাকা উত্তরে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির নেতৃত্ব দেবেন তোফায়েল আহমেদ এবং দক্ষিণে নেতৃত্ব দেবেন আমির হোসেন আমু।
হানিফ বলেন, “ঢাকার দুই সিটি নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী ও কাউন্সিলর পদে দল-সমর্থিত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। উত্তরে উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ ও দক্ষিণে আমির হোসেন আমুকে টিম লিডারের দায়িত্ব দেওয়া হয়েছে।”
তিনি আরো বলেন, “উত্তর সিটিতে নির্বাচন পরিচালনা কমিটিতে সদস্য সচিব করা হয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিকে। দক্ষিণের কমিটিতে সদস্য সচিব করা হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরকে।”
এছাড়া ঢাকা মহানগর উত্তরে এই কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান ও দক্ষিণে আবদুর রাজ্জাককে রাখা হয়েছে বলে জানান আওয়ামী লীগের আরেক নেতা।
উল্লেখ্য, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি-ডিএসসিসি) নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ২ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি এবং আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এবারই প্রথম ঢাকা সিটিতে সবগুলো কেন্দ্রে ইভিএমে ভোট হচ্ছে। ঢাকা দক্ষিণে ইশরাক হোসেনের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ব্যারিস্টার তাপস।
এমবি





