বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন,বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সম্পর্কে কটুক্তি করলে বিএনপি চুপ করে বসে থাকবে না।
রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘স্বপ্ন সম্ভাবনার নতুন বাংলাদেশ এবং তারেক রহমান’ বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি সরকারের সমালোচনা করে বলেন, হুংকার কিংবা দাম্ভিকতার জোরে কোনো রাজনৈতিক দলকে ধ্বংস করে দিবেন তা ভাববার অবকাশ নেই।
বিএনপির এই নেতা বলেন, সম্পতি জাতীয় সংসদে তারেক রহমান সম্পর্কে তার অনুপস্থিতিতে যে বক্তব্য দেয়া হয়েছে তার পুনরায় উল্লেখ না করে বলতে চাই। এ ধরণের বক্তব্যে সত্যি আমি বিস্মিত। সংসদের রুলস অব প্রসিডিংস অনুযায়ি একজন ব্যক্তির অনুপস্থিতিতে এ ধরণের বক্তব্য দেয়া যায় না। আমি জানি না স্পীকার সেই সময় সংসদে উপস্থিত ছিলেন কি না? থাকলে তিনি এই ধরণের বক্তব্য কার্য বিবরণী থেকে বাদ দিতে পারেন।
‘বিএনপি অবৈধ দল’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনায় তিনি বলেন, উচ্চ আদালতের দেয়া রায়ে অন্য বিষয়ে বক্তব্য থাকলেও দল হিসেবে বিএনপিকে অবৈধ ঘোষণা করা হয় নি। জিয়াউর রহমান নয়, দেশে প্রথম সামরিক শাসন জারি করেছিলেন আওয়ামী লীগ নেতা মোশতাক আহম্মদ।
ব্যারিস্টার রফিক আওয়ামী লীগের প্রতি প্রশ্ন রেখে বলেন, আপনারা প্রতিনিয়ত বলে যাচ্ছেন জিয়াউর রহমান একজন নামেমাত্র মুক্তিযোদ্ধা ছিলেন। কিন্তু ২৬ মার্চ ১ম ও ২৭ মার্চ ২য় বার যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা করলেন তখন আপনাদের (আওয়ামী লীগের) নেতারা কোথায় ছিলেন? সেদিন একজনকও খুঁজে পাওয়া যায়নি।
তিনি বলেন, সরকার নিজেদের নামে মামলাগুলো প্রত্যাহার করে নিলেও বিরোধী দলের নেতাকর্মীদের নামে হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
তিনি দলীয় নেতাকর্মীদের দুর্নীতি থেকে দুরে থাকার আহ্বান জানিয়ে বলেন, বর্তমানে এই সংকট থেকে গণতন্ত্র ও দেশকে রক্ষা করতে চাইলে দেশপ্রেম নিয়ে আগামী দিনের আন্দোলনে সবাইকে এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন অনুষ্ঠানটি আয়োজন করে। বইটির সম্পাদনা করেন হুমায়ুন কবির বেপারী।
সংগঠনের সহ-সভাপতি ফারুক আহম্মেদ চাঁনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম আব্দুল হালিম, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা প্রমুখ।
[b]ঢাকা,এমএইচ,১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]