ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগরী উত্তর শাখার কার্যালয়ে পুলিশি তাণ্ডবের অভিযোগ করেছে সংগঠনটি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমানের পাঠানো এক যৌথ বার্তায় এ প্রতিবাদ জানান সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান।

বিবৃতিতে তারা বলেন, ছাত্রশিবিরের অফিসে গিয়ে তল্লাশির নামে পুলিশের গ্রেফতার ও তাণ্ডব চালানোর ঘটনায় আমরা বিস্মিত। পুলিশ কার্যালয়ে গিয়ে অফিসের লোকদের সাথে অশোভন আচরণ ও অন্যায় ভাবে তাদের গ্রেফতার করে। একই সাথে ভাংচুর ও লুটপাট চালায়। পুলিশের এই আচরণ সারাদেশের ছাত্রজনতাকে ক্ষুব্ধ করেছে।

নেতৃবৃন্দ বলেন, অবৈধ ক্ষমতা ধরে রাখতে বাকশালী কায়দায় ভিন্নমত ধমনের অপচেষ্টার অংশ হিসেবে সারাদেশে বিরোধী দলের অফিসগুলোতে তাণ্ডব চালাচ্ছে সরকার। দীর্ঘদিন থেকে শিবিরের কোন পর্যায়ের নেতাকর্মীদের কার্যালয়ে প্রবেশ করতে দেয়া তো দূরের কথা, সেদিকে গেলেই গ্রেফতার ও নির্যাতন করা হচ্ছে।

সরকারের নির্দেশে কোন কারণ ছাড়াই পুলিশ গায়ের জোরে শিবিরের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে সব অফিস বন্ধ করে রাখার পাশাপাশি কিছুদিন পরপর হামলা করে আসবাব ভাংচুর ও লুটপাটে মেতে উঠছে।

সরকার যে বর্বর কায়দায় গণতন্ত্রের কবর রচনা করে ক্ষমতায় টিকতে চাইছে, এই ঘটনাই তার প্রমাণ। এমন দায়িত্বহীন আচরণ অব্যাহত রাখলে ছাত্রজনতা কঠোর আন্দোলনের মাধ্যমেই তার জবাব দেয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

নেতৃবৃন্দ অবিলম্বে লুটপাটকৃত মালামাল ফেরত এবং গ্রেফতারকৃতদের মুক্তি দিতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান।

এআর