অনুমতি না পেলেও আগামী ৫ জানুয়ারি বিএনপি সমাবেশ করবে বলে জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক।
শনিবার দুপুরে ডিএমপি কার্যালয় থেকে বের হয়ে তিনি এ কথা বলেন।
বেলা সাড়ে ১১ টার দিকে ৫ জানুয়ারি সমাবেশের অনুমতির জন্য বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয় যায়। প্রতিনিধি দলে ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল মিন্টু, দলটির প্রচার সম্পাদক এডভোকেট জয়নুল আবদীন ফারুক এবং সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি।
জয়নুল আবদীন ফারুক টাইমনিউজবিডিকে জানান, বিএনপির পক্ষ ৫ জানুয়ারি সমাবেশের অনুমতির জন্য ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু এসময় ডিএমপির পক্ষ থেকে আমাদের জানানো হয় কোনো উর্ধ্বতন কর্মকর্তা কার্যালয়ে উপস্থিত নেই।
তিনি আরও বলেন, তবে আমরা আশা করছি আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুমতি না দেওয়া হবে। আর যদি অনুমতি না দেওয়া হয় তবুও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবেই।
এর আগে গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকাল ৩টার দিকে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয় যায়। প্রায় ঘন্টা খানেক অবস্থান করে সেদিনও কোনো কর্মকর্তার সাক্ষাৎ না পেয়ে তারা চলে আসেন।
প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর ৩ ও ৫ জানুয়ারি রাজধানীর তিনটি স্থানে সমাবেশের জন্য অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের (পিডব্লিউডি) কাছে আবেদন করেছিল বিএনপি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, মতিঝিলের শাপলা চত্বর ও নয়াপল্টনে বিএনপি অফিসের সামনের জনসভার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল।
এর আগে শুক্রবার বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমদ জানিয়েছেন, অনুমতি না পেলেও নয়াপল্টনে সমাবেশ করা হবে।
প্রসঙ্গত, বুধবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলনে ৫ জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস ঘোষণা করে কর্মসূচি ঘোষণা করেন।
এমএইচ, জেএ





