বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের পতন এখন চূড়ান্ত পর্যায়ে। এই সরকারের গায়ে গন্ধ ছড়িয়ে পড়েছে। জনসমর্থনহীন এই অবৈধ সরকারকে উৎখাতের জন্য প্রস্তুত জনগণ।

সরকারকে উৎখাত করতে দেশি-বিদেশী কোনো ষড়যন্ত্রের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র এ নেতা।

মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, নীল নকশার অংশ হিসেবে বিএনপি বিদেশীদের সহায়তায় সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে।

মন্ত্রীর ওই বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা, অসত্য ও বানোয়াট দাবি করে রিজভী বলেন, সরকারকে উৎখাতের জন্য প্রস্তুত জনগণ। কেউ দেশী-বিদেশী ষড়যন্ত্র কেন করতে যাবে? সরকারের পতন এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে।

আওয়ামী সরকারের কোনো জনসমর্থন নেই দাবি করে তিনি বলেন, যে সরকারের জনসমর্থন থাকে না, সেই সরকার যেকোনো সময় পড়ে যেতে পারে। সুতরাং দেশে কিংবা আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্রেরই প্রয়োজন নেই ।

রিজভী বলেন, বিএনপি জনগণকে নিয়ে রাজনীতি করে বিএনপি একটি জনসমর্থিত দল। তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র কেন করবে? বরং আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন দল। জনগণ থেকে তারা একেবারেই দূরে চলে গেছে। আমরা জনগণের সাথে আছি।

তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, শেখ হাসিনা ক্ষমতা থেকে নেমে যাক। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক, তখন দেখা যাবে- কে জনপ্রিয়?

রিজভী বলেন, স্বাধীনতার পর এ পর্যন্ত এই সরকারের আমলে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সবচেয়েয়ে বেশি সংখ্যক ২২ জন আসামিকে মওকুফ করে দেয়া হয়েছে। ফলে সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন-বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সেলিমুজ্জামান সেলিম, ওয়ারেছ আলী মামুন, যুবদলের সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল, যুবদল ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি কফিল উদ্দিন ভুইয়া, ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসান, তরিকুল ইসলাম টিটু, আবু আতিক আল হাসান মিন্টু প্রমুখ।

এমআইএস