বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে দলের ৫ জনকে সভাপতি করার দাবি জানিয়েছে জাতীয় পার্টি। বিরোধীদল নেতা রওশন এরশাদ এ সংক্রান্ত একটি চিঠি রোববার সংসদ নেতার বরাবরে পাঠাতে পারেন। জাতীয় পার্টির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
চিঠিতে ঢাকা-৬ থেকে নির্বাচিত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে সভাপতি করার প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, প্রেসিডিয়াম সদস্য একেএম মাইদুল ইসলামকে ভূমি, পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করার প্রস্তাব দেওয়া হয়েছে।
এছাড়া প্রেসিডিয়াম সদস্য ফকরুল ইমামকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করার কথা বলা হয়েছে চিঠিতে। বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে সদস্যদের নাম পাঠানো হচ্ছে একই চিঠিতে।
বিষয়টি এরশাদের বাধার মুখে না পরে সে জন্য অত্যন্ত গোপনে এই চিঠি প্রস্তুত করা হয়েছে বলে জাতীয় পার্টির ঐ সূত্র দাবি করে।
কে কোন কমিটিতে থাকছেন সে বিষয়ে জানাতে রাজি হননি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী।
[b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]