বাক স্বাধীনতা হরণ ও গণমাধ্যমের ওপর বেআইনি নিয়ন্ত্রণ আরোপের অপচেষ্টার অংশ হিসেবে মন্ত্রীসভায় জাতীয় সম্প্রচার নীতিমালার খসড়া অনুমোদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মঙ্লবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বার্তায় শিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান এ নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা বলেন, সরকার কোন লক্ষে জাতীয় সম্প্রচার নীতিমালা নিয়ে এত তৎপর হয়ে উঠেছে, তা সচেতন জনগণের কাছে দিবালোকের মত পরিস্কার। পৃথিবীর অন্যান্য দেশের দিকে তাকালে আমরা দেখতে পাই, স্বৈরশাসকরা বরারবরই নীতিমালার আবরণ দিয়ে গণমাধ্যমের ওপর খড়গহস্ত হয়েছে।
এমনিতেই আওয়ামী সরকার গত মেয়াদে আমার দেশ, দিগন্ত টিভি ও ইসলামিক টিভি বন্ধ করে দিয়ে ন্যাক্কারজনক নজির স্থাপন করেছে,এবারে সম্প্রচার নীতিমালার নামে যে তারা আরও গণমাধ্যম বন্ধের পায়তারা করবে তা একেবারেই স্পষ্ট।
তারা আরও বলেন, এই সরকার যে গণতান্ত্রিক নয়, তা তাদের আচরণে স্পষ্ট। পঁচাত্তরের মতই তারা মদদপুষ্ট কিছু গণমাধ্যম রেখে বাকিগুলোকে বন্ধ করে দিতে চায়। গণমাধ্যমে কর্মরত যে কোন মানুষের জন্যই এই নীতিমালা বিপদ ডেকে আনতে পারে।
বিবৃতিতে তারা বলেন,দেশের সাংবাদিক সমাজ থেকে শুরু করে সচেতন সবাই এই নীতিমালার বিরুদ্ধে হলেও গায়ের জোরেই সরকার তা চাপিয়ে দিচ্ছে। অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করে বাংলাদেশ এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, আওয়ামী সরকার তা একেএকে ধ্বংস করে চলছে।
অবিলম্বে এই সম্প্রচার নীতিমালা বাতিল ঘোষণা করে গণমাধ্যম বিরোধী ষড়যন্ত্রের পথ থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান শিবির নেতারা।
ঢাকা, ৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসআর





