সারাদেশে আজ পেট্রোল বোমা আতংক বিরাজ করছে বলে মন্তব্য করে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি বলেছেন, আমরা আর অগ্নিদগ্ধ মানুষ দেখতে চাই না।
সোমবার বিকেলে রাজধানীর খিলগাঁও কমিউনিটি সেন্টারে আয়োজিত জাতীয় যুব সংহতি’র রামপুরা, খিলগাঁও ও শাহজাহানপুর থানা শাখার যৌথ সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন।
জিয়াউদ্দিন আহমেদ বলেন, দেশবাসীকে এই সহিংসতা থেকে রক্ষার জন্য পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ সংলাপের আহবান জানিয়ে পত্র দিয়েছেন। দেশবাসী সংলাপের মাধ্যমে চলমান অচলাবস্থার অবসান চায়।
তিনি বলেন, জনগনের নাভিশ্বাস উঠে গেছে। তারা আজ সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠায় পল্লীবন্ধু এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির সরকারের জন্য অপেক্ষার প্রহর গুনছে।
শেখ সারোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম- মহাসচিব ও জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট মো: রেজাউল ইসলাম ভূইয়া, যুগ্ম-মহাসচিব আরিফুর রহমান খান, দেওয়ান আলী, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, শাহ-ই-আজম, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মো: বেলাল হোসেন ও মনিরুল ইসলাম মিলন প্রমূখ।
জেআই





