তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তথ্য মন্ত্রণালয় তার যথাযথ ভূমিকা পালনে সক্ষমতা অর্জন করেছে।
রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত তথ্য মন্ত্রণালয়ের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন, অগ্রগতি ও পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে মন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন, গত ৫ বছরে তথ্য মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরসমূহের ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন, আধুনিকায়ন ও সম্প্রসারণ ঘটেছে, যা দেশের ইতিহাসে বিরল।
সভায় ২০১৩-১৪ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অন্তর্ভূক্ত ১১টি প্রকল্পের পর্যালোচনা এবং ২০১৪-১৫ অর্থবছরের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, গত অর্থবছরে ১১টি প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ১০৭ কোটি ৬০ লাখ টাকা, যার মধ্যে ব্যয় হয়েছে ১০৬ কোটি ২৩ লাখ টাকা। নতুন অর্থবছরে এ বরাদ্দ ১১০ কোটি ৯৩ লাখ টাকায় উন্নীত হয়েছে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সরকারের পক্ষ থেকে জনগণকে সঠিক তথ্য দেয়ার পাশাপাশি জনগণের মনোভাবের সঠিক প্রতিফলন সরকারের কাছে পৌঁছার বিষয়ে গভীর গুরুত্ব আরোপ করেন। মন্ত্রী বলেন, রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনগণের মতামতের গুরুত্ব অপরিসীম।
ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





