‘জানিস, রাতে ভাল ঘুম হয়নি। ভোর ৪টায় ঘুম ভেঙ্গে উঠে গেছি। তখন থেকেই প্রস্তি নিতে থাকি আর জানালা দিয়ে তাকিয়ে দেখি সকাল হয়েছে কিনা।’ এ কথা শুনে উপস্থিত তরুণীরা সকলেই হেসে উঠে বলে, আরে শুধু তোর না আমাদের সবারই এক অবস্থা।’
এ আলাপন আজ সকাল সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্ত্বরে লাল সবুজ শাড়ি পরিহিতা কয়েকজন তরুণীর। তাদেরই একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রী রোমানা রহমান জানালেন, তারা ঢাকা বিশবিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থী।
আওয়ামী লীগের ২০তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তারা ‘ফ্লাগ গার্ল’ অর্থাৎ প্রতিটি জেলার সারির সামনে তারা দাঁড়িয়ে থেকে আগতদের অভ্যর্থনা জানাবেন। এ উপলক্ষে গত কয়েকদিন যাবত মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছেন। আজকের সকালটির জন্য অপেক্ষা করেছেন।
শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরাই নন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে রাজধানীসহ সারাদেশের নেতাকর্মীদের সকলেই আজকের ভোরটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
কাক ডাকা ভোর থেকেই নেতাকর্মীরা বিশেষ করে যারা ঢাকার বাইরে থেকে বাস ও ব্যক্তিগত যানবাহন নিয়ে এসেছেন তারা সম্মেলনস্থলে সোহরাওযার্দী উদ্যানে আসতে থাকেন। সরেজমিন পরির্দশনকালে দেখা গেছে, সকাল ৭টা থেকেই টিএসসি ও বাংলা একাডেমীসহ বিভিন্ন প্রবেশপথ দিয়ে নেতাকর্মীরা প্রবেশ করছেন।
প্রবেশপথে র্যাব, পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি। উদ্যানের ভেতর থেকে আওয়ামী লীগের নেতাদের কেউ কেউ মাইকে স্বেচ্ছাসেবকদের কে কোথায় কিভাবে দায়িত্ব পালন করবেন সে সম্পর্কে নির্দেশনা দিচ্ছিলেন। টিএসসি থেকে দোয়েল চত্বর সড়কটি সকাল সাড়ে ৭টায় বন্ধ করে দেয়া হয়।
আওয়ামী লীগের একজন তরুণ কর্মী টিএসসির সামনে এক ভ্যান ভর্তি রজনীগন্ধা ফুল নিয়ে দাঁড়িয়েছিলেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে ভেতরে ফুল নিয়ে যাওয়ার ব্যাপারে কথা বলছিলেন। কিন্তু অনুমতি পাচ্ছিলেন না।
এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে ওই কর্মী বললেন, ভেতরে ডেলিগেট ও কাউন্সিলরদের রজনীগন্ধা ফুল দিয়ে অভ্যর্থনা দিয়ে বরণ করে নেয়ার জন্য এগুলো এনেছেন। কিন্তু স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) অনুমতি দিচ্ছে না। তবে তিনি নেতাদের সঙ্গে যোগাযোগ করে ভেতরে ফুলগুলো নেয়ার ব্যবস্থা করতে চেষ্টা করছেন বলে জানান।
সকাল পৌনে ৮টায় ডিএমপির রমনা জোনের একজন শীর্ষ কর্মকর্তা এ প্রতিবেদককে জানান, যে কোন ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা এড়াতে পর্যাপ্ত সংখ্যক ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য ও সিসিটিভি ফুটেজের মাধ্যমে গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। আওয়ামী লীগের আমন্ত্রণে সম্মেলনে যোগ দিতে আসা বিদেশি অতিথিদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে তিনি জানান।
কবি নির্মুলেন্দু গুণের ‘কখন আসবেন কবি’ সেই বিখ্যাত কবিতাতে জাতির জনক বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণের দিনের চিত্র আজও মানসপটে ভেসে উঠে। তেমনি আজকের ভোর থেকেই আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী তাদের সকলের প্রিয় জননেত্রী শেখ হাসিনা কখন সম্মেলনস্থলে আসবেন, সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন সেই প্রতীক্ষায় রয়েছেন।
এমবিএইচ





