ফেনী-৩ আসনের বিএনপির সাবেক সাংসদ মুহম্মদ মোশাররফ হোসেনের (৭৪) দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। গত সোমবার রাজধানীর একটি হাসপাতালে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

গতকাল সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, দুপুর ১২টায় জাতীয় সংসদ প্রাঙ্গণে, বাদ জোহর ফেনীর মিজান ময়দানে ও বাদ আসর গুলশানের আজাদ মসজিদ প্রাঙ্গণে চতুর্থ দফা জানাজার নামাজ হয়।

জাতীয় সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানসহ বিএনপির সাবেক সাংসদেরা অংশ নেন।

নয়াপল্টনের জানাজায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা অংশ নেন।
এদিকে মোশাররফ হোসেনের আকস্মিক মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ফেনী সমিতি ঢাকা, ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকা পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ