বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, শেখ হাসিনার বন্য শাসনের কথা এ জাতি কখনোই ভুলবে না। গৃহপালিত নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা এদেশে এক কলঙ্কিত উদাহরণ হিসেবে আগামী প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে।

রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন,‘সারাদেশে দশটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসীরা পৌর এলাকাগুলোতে অস্ত্রবাজী করে প্রায় সকল কেন্দ্র দখলে নিয়ে ব্যালট পেপারে সিল মারছে। মজার ব্যাপার হচ্ছে, প্রশাসন নিশ্চুপ রয়েছে।’

রিজভী বলেন, ‘কক্সবাজার জেলাধীন চকোরিয়া পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীর ব্যালট দেয়া হচ্ছে না। সেখানে আওয়ামী সন্ত্রাসীরা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। প্রশাসন নির্বিকার।’

রিজভী বলেন, ‘একদলীয় শাসন ব্যবস্থাকে চূড়ান্ত আনুষ্ঠানিক রুপ দেয়ার জন্যই নির্বাচন কমিশন এই ভোটারবিহীন সরকারের পক্ষে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সেজন্যই পৌরসভা ও ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র কেড়ে নেয়া হয়েছে। মনোনয়ন পত্র জমা দিতে গেলে রাস্তায় বিএনপি প্রার্থীদের ওপর আক্রমণ চালানো হয়েছে। মনোনয়ন পত্র জমা দেয়ার পর তা প্রত্যাহারের জন্য বিএনপি প্রার্থীকে হয় অপহরণ, নতুবা সব মানতে অস্ত্র ঠেকিয়ে তাকে বাধ্য করা হয়েছে।’

তিনি জানান, বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলন ও কাউন্সিল-২০১৬ অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। দু:খের বিষয় কাউন্সিলে আসা বাগেরহাট জেলাধীন মোল্লারহাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী আবদুল হান্নান বাড়ী ফেরার পরপরই ইন্তেকাল করেছেন। তিনি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

‘জাতীয় সম্মেলন ও কাউন্সিল-২০১৬ সর্বাত্মক, সুন্দর, সুষ্ঠু ও প্রাণবন্তভাবে সুসম্পন্ন হওয়ায়, দেশী-বিদেশী আমন্ত্রিত অতিথি, সারাদেশ থেকে আগত লক্ষ লক্ষ নেতাকর্মী, জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত উপ-কমিটির আহবায়কসহ সকল সদস্যবৃন্দ, কাউন্সিলরবৃন্দ, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যবৃন্দ, সর্বোপরী মূদ্রণ, বৈদ্যূতিক, অনলাইন, গণমাধ্যমের সকল সাংবাদিক, ক্যামেরাপার্সন ও তাদের সহকারীগণ এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মচারীদের সহযোগিতকার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এজেডএম জাহিদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালামসহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন ও তাইয়েফুল ইসলাম টিপু প্রমুখ।

এসটি