জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপি থেকে তিনিই সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন।

সোমবার (২০ মে) দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেমের কাছে মনোনয়নপত্র জমা দেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এসময় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান তার সঙ্গে উপস্থিত ছিলেন।

এদিকে, রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনটির জন্য আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে আগামীকাল (মঙ্গলবার, ২১ মে)। ২৮ তারিখ এই নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আজ আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দিলে এবং ব্যারিস্টার রুমিন ফারহানা ২৮ তারিখের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করে নিলে নির্ধারিত সময়ের পর একক প্রার্থী হিসেবে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে।

রুমিন ফারাহানা ছাড়াও সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী। দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ আরও বেশকিছু নারী নেত্রীর নামও বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচিত হচ্ছিল। শেষ পর্যন্ত রুমিন ফারহানাকেই দল থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।

সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩০০ আসনের বিপরীতে ৫০টি সংরক্ষিত আসন বণ্টন করা হয়। অর্থাৎ সরাসরি ভোটে নির্বাচিত ছয় আসনের বিপরীতে একটি সংরক্ষিত আসন বণ্টন হয়। দলীয় একটি সংরক্ষিত আসনের বিপরীতে একাধিক প্রার্থী থাকলে সরাসরি নির্বাচিত সংসদ সদস্যদের ভোটে সংরক্ষিত আসনের প্রার্থী নির্বাচিত হন। আর একাধিক প্রার্থী না থাকলে একক প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ছয়টি আসনে জয় পেয়েছিল। সেই হিসাবে তাদের জন্য একটি সংরক্ষিত নারী আসন বরাদ্দ হয়। গত ৮ মে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন বিএনপির সংরক্ষিত একটি নারী আসনের জন্য তফসিল ঘোষণা করেন। সেই তফসিল অনুযায়ী আজ সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ।

এসএম