বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ১৮ অক্টোবর (শনিবার)। ১৯৬৪ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে নানান কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ।
কর্মসূচির মধ্যে রয়েছে- ১৮ অক্টোবর শনিবার সকাল ৮টায় বনানী কবরস্থানে পুস্পস্তক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সারাদিনব্যাপী কোরানখানি, বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি যথাযোগ্যভাবে পালন করার জন্য দলীয় নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন। একইসাথে তিনি দেশের সকল শাখা সংগঠন সমূহকেও অনুরূপ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর এই শিশুপুত্র শেখ রাসেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করেছিল। মৃত্যুকালে তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।
এমআর, জেএ





