বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহাগনরীর সহকারি সেক্রেটারি মোঃ মোবারক হোসাইন বলেন, সরকার মেধা ও নেতৃত্বশূন্য করে দেশকে করদরাজ্য বানানোর জন্যই সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ শীর্ষ নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্র করছে।
তিনি আজ রাজধানীতে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসাবে ঢাকা মহানগরী জামায়াত আয়োজিত সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ দলের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে একথা বলেন।
বিক্ষোভ মিছিলটি মিরপুর ১০ নম্বর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিরপুর ১৩ নম্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য মোঃ দেলোয়ার হোসেন ও মোঃ মাহফুজুর রহমান, ঢাকা মহানগরী মজলিসে শুরা সদস্য মোঃ মুস্তাফিজুর রহমান, শেখ শরীফ উদ্দীন আহমদ, অধ্যাপক আনোয়ারুল করিম, নূরুল ইসলাম আকন্দ, মোঃ আশরাফুল আলম, শিবির সভাপতি তামিম হোসাইন, ঢাকা কলেজ সেক্রেটারী মতিউর রহমান, দারুস সালাম থানা সেক্রেটারী আহমদুল্লাহ, মোহাম্মদপুর থানা সেক্রেটারী শফিউর রহমান, আদাবর থানা সেক্রেটারী আব্দুল হান্নান, কাফরুল থানা সেক্রেটারী আব্দুল মতিন, ভাসানটেক থানা সেক্রেটারী আলাউদ্দিন মোল্লা প্রমূখ।
মোবারক হোসাইন বলেন, 'সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই কথিত বিচারের নামে জাতীয় নেতৃবৃন্দকে হত্যার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা ইতোমধ্যেই দুই জাতীয় নেতাকে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করেছে।
তারা এখন সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ জামায়াতের অপরাপর শীর্ষ নেতাদের একইভাবে হত্যা করতে চায়।
কিন্তু সরকারের সে ষড়যন্ত্র জনগণ কখনোই সফল হতে দেবে না বরং সরকারের যেকোন দেশ ও জাতিস্বত্ত্বাবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র গণপ্রতিরোধ গড়ে তুলবে।
তিনি বলেন, 'সরকার দেশ পরিচালনায় সার্বিকভাবে ব্যর্থ হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন সরকারের নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু সরকার নিজেদের পর্বত প্রমাণ ব্যর্থতা করতেই জামায়াতের উপর জুলুম-নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে।'
তিনি আরো বলেন, 'রাজধানীসহ সারা দেশে নেতাকর্মীদের নির্বিচারে গণগ্রেফতার চালিয়ে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে জুলুম-নির্যাতন চালানো হচ্ছে। কিন্তু জুলুম-নির্যাতন চালিয়ে ও গ্রেফতার করে জুলুমবাজ সরকারের শেষ রক্ষা হবে না বরং তাদেরকে ইতিহাসে আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হতে হবে।'
হত্যার রাজনীতি পরিহার করে অবিলম্বে আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে সরকারের প্রতি আহবান জানান মোবারক হোসাইন। অন্যথায় তাদেরকে গণরোষের মুখোমুখি হতে হবে বলেন তিনি।
এমকে





