আসন্ন সিটি নির্বাচন উপলক্ষে পঞ্চম দিনের মতো মির্জা আব্বাসের পক্ষে নির্বাচনের প্রচারণা চালিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।
মালিবাগ মোড়, মৌচাক, সিদ্ধেশ্বরী, ভিকারুন্নেসা নূন স্কুলের আশপাশ, বেইলি রোড, সার্কিট হাউস রোড হয়ে শান্তিনগর এলাকায় রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত গণসংযোগ করেন তিনি।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আফরোজা বলেন, বিএনপিতে সাদেক হোসেন খোকা-মির্জা আব্বাস গ্রুপ বলে কিছু নেই। এ দলে তাদের আলাদা কোনো অনুসারীও নেই। এ দলে সবাই শহীদ জিয়ার অনুসারী।
সিটি নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি তিনি। এ বিষয়ে তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জয়ের ব্যাপারে আমরা শতভাগ নিশ্চিত। যেখানেই যাচ্ছি, আলহামদুলিল্লাহ জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণ ভোট দিতে পারলে আমি মির্জা আব্বাসের বিজয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত।
এসময় দুষ্কৃতিকারীরা প্রচারণায় বিভিন্ন ভাবে বিঘ্ন সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।। এ বিষয়ে আজকেই নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
এসময় আফরোজা আব্বাসের সঙ্গে যুবদল, ছাত্রদল এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।
দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মির্জা আব্বাস মগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। মামলা থাকায় আত্মগোপনে আছেন তিনি। তবে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে শিগগিরই তিনি প্রচারণায় নামবেন বলে তার স্ত্রী আফরোজা আব্বাস জানিয়েছেন।
এমএইচ/ইআর





