বিশিষ্ট কলামিষ্ট ও বুদ্ধিজীবী দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বৃহস্পতিবার এক বিবৃতিতে এ আহবান জানান।

বিবৃতি তিনি বলেন,এ সরকার ক্ষমতায় আসার পর থেকে একে একে রাষ্ট্রের স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে নিজেদের আয়ত্বে ও নিয়ন্ত্রণে নিয়ে দেশের সম্মানিত নাগরিকদেরকে হয়রানী করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারই ধারাবাহিকতায় সরকারের ষড়যন্ত্র ও জুলুমের শিকার জনাব মাহমুদুর রহমান।

মাহমুদুর রহমানের বিরুদ্ধে দুদক দফায় দফায় তদন্ত চালিয়ে দুর্নীতির কোন প্রমাণ পায়নি। সরকারের প্ররোচনায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে দুদক একটি ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে। এ মামলায় মাহমুদুর রহমানকে আজ দণ্ডিত করা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ না পাওয়া সত্ত্বেও তাকে শাস্তি দেয়ার ঘটনায় গোটা জাতি বিস্মিত এবং হতবাক।

সরকার দেশের সম্মানিত নাগরিকদেরকে একের পর এক হয়রানী করছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী ও দেশের শীর্ষস্থানীয় আইনজীবীসহ অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তাগণ নানাভাবে এ সরকারের জুলুমের শিকার হচ্ছেন।

সরকার দেশপ্রেমিক নাগরিকদেরকে হয়রানী করে অন্যায়, অসত্য ও মিথ্যার বিরুদ্ধে কথা বলার কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায়। দেশের সম্মানিত নাগরিকদের একের পর এক অপদস্ত করার সরকারের এ ঘৃণ্য পদক্ষেপ অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে আমরা মনে করি।

আমরা মাহমুদুর রহমানকে এই মুহূর্তে মুক্তি দিয়ে তাকে নাগরিক ও সাংবিধানিক অধিকার ভোগ করার সুযোগ দেয়ার জন্য আহবান জানাচ্ছি।

এআর