বিদ্যুতের দাম বাড়ানোর কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর মাধ্যমে সরকার শ্রমজীবী মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
তিনি বলেন, কুইক রেন্টালের হাজার হাজার কোটি টাকার চুরি হালাল করতে পরিকল্পিতভাবে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন,
'মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এই সভার আয়োজন করে।
আওয়ামী লীগকে ‘নিখিল বাংলাদেশ লুটপাট সমিতি’ আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, সরকার দলীয় লোকেরা এখন দেশের বিভিন্ন ব্যাংক লোপাট করছে। সুড়ঙ্গ কেটে ব্যাংকের ভোল্ট ভেঙ্গে তারা টাকা লুট করে নিয়ে যাচ্ছে। এসব টাকা আর  কখনো উদ্ধার করা যাবে কিনা জানি না। গোটা দেশ এখন লুটের মধ্যে পড়েছে। দেশকে সব দিক থেকে লুট করা হচ্ছে।
মির্জা ফখরুল বলেন, মানুষের যখন ত্রাহি ত্রাহি অবস্থা সরকার আবার বিদ্যুতের দাম বাড়িয়েছে। সরকারকে বলবো বিদ্যুতর দাম বাড়াবেন না। দাম কমিয়ে আনুন।
তিনি বলেন, কুইক রেন্টাল বিদ্যুতের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এখন বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে গ্রামের মানুষের ওপর। সেচ কাজে ব্যবহার হয় সেই খাতে। আর দাম ঠিক রাখা হয়েছে শহরের বণিক শ্রেণীর মানুষের সুবিধার জন্য।
গোটাদেশের মানুষ কারাগারের মধ্যে রয়েছে মন্তব্য করে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আমরা এখন একটা খারাপ সময়েরে মধ্যে আছি। এখান থেকে দেশের মানুষকে বের করে আনতে হবে। আমাদের সকলকে জোটবদ্ধ হতে হবে। এই সরকারের কাছ থেকে অধিকার আদায় করে আনতে হবে।
তিনি সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলেন, আর গণতন্ত্রকে ধ্বংস করবেন না। গণতন্ত্রকে ধ্বংস করে কেউ কোনো দিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি। আপনারাও পারবেন না। এখন আর বিলন্ব নয়। অতিদ্রুত নির্বাচন দিন। সকলের কাছে গ্রহণযোগ্য ও সবদলের অংশ গ্রহণে নির্দলীয় সরকারের অধীনে নিবার্চন দিন। যাতে দেশের মানুষ তাদের  ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
স্বাধীনতা যুদ্ধ যে চেতনা নিয়ে হয়েছিলো সেই চেতনা আজ ভুলুন্ঠিত উল্লেখ করে তিনি বলেন, আজ দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্রের কথা বলে একদলীয় শাসন ব্যবস্থা পাকাপোক্ত করা হচ্ছে।
শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খান সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি ও শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
[b]ঢাকা, এমএইচ, ১৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]